ম্যারাডোনাকেই চান মেসি
বিশ্বকাপ থেকে কোয়ার্টার ফাইনালেই বিদায় নেওয়ার পরও ম্যারাডোনার ওপর আস্থা হারায়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। গোটা আর্জেন্টিনাতেই রব উঠেছিল, ‘ম্যারাডোনা থেকে যাও’। কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বনিবনা না হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে কোচ হিসেবে ম্যারাডোনার উপস্থিতি। কিন্তু প্রিয় কোচের এমন বিদায় মেনে নিতে পারছেন না লিওনেল মেসি। কোচ হিসেবে ম্যারাডোনাকেই দেখতে চান ফিফার এই বর্ষসেরা খেলোয়াড়। এপির বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া আজ বৃহস্পতিবার এ কথা জানায়।ম্যারাডোনার চুক্তি নবায়ন না হওয়ার পর এই প্রথম মুখ খুললেন মেসি। বার্সেলোনার হয়ে চীনের একটি ক্লাবের বিপক্ষে খেলতে মেসি এখন আছেন বেইজিংয়ে। সেখানে আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি ম্যারাডোনার এমন বিদায় চাইনি। আমি আশা করেছিলাম তিনি থেকে যাবেন। কিন্তু যা ঘটল তা দুঃখজনক।’আর্জেন্টিনা দলের মহাব্যবস্থাপক কার্লোস বিলার্দো অবশ্য জানিয়েছেন, ম্যারাডোনার জন্য দরজা এখনও খোলাই আছে। তবে তার জন্য ম্যারাডোনাকে আগে ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করতে হবে। ম্যারাডোনা যেন ঠান্ডা মাথায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসতে পারেন—মেসি এখন সেই প্রার্থনাই করতে পারেন।