ম্যারাডোনাকেই দুষলেন ভেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে কার্যত হারিয়েই গিয়েছিলেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন। বয়সের বলিরেখা ফুটে উঠেছিল কপালে, প্রায় বিস্মৃত এক নামে পরিণত হয়েছিলেন একসময়ের ‘মাঝমাঠের শিল্পী’ বলে পরিচিত এই আর্জেন্টাইন। সেই বিস্মৃতি থেকে আবার তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই ম্যারাডোনারই কিনা কোচিং-জ্ঞান ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন এখন ভেরন!তাঁর দিক থেকে প্রশ্ন তোলার কারণ আছে। ম্যারাডোনা তাঁকে বিশ্বকাপে ‘আর্জেন্টিনার জাভি’ বলে আকাশে তুলে দিয়েছিলেন। সেই ম্যারাডোনাই আবার ধপ করে মাটিতে ফেলে দিয়েছেন ভেরনকে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর এত কিছু হলো, কিন্তু ভেরন ছিলেন নীরব। এত দিন পর আর্জেন্টাইন এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ-ব্যর্থতার দায় একরকম ম্যারাডোনার কাঁধেই চাপিয়ে দিলেন।ভেরনকে দলে নেওয়ায় ম্যারাডোনার সমালোচনা কম হয়নি। ম্যারাডোনার যুক্তি ছিল, লিওনেল মেসির সেরা খেলাটা পেতে গেলে মাঠে ভেরনকে চাই। কিন্তু ভেরন বললেন, ম্যারাডোনার কৌশল কোনোক্রমেই মেসির সেরা খেলা বের করে আনতে পারেনি।যদিও মেসির বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে চারদিকে প্রশংসার বন্যা। কিন্তু ভেরনের বিশ্লেষণে মেসি বিশ্বকাপে মোটেও স্বচ্ছন্দ ছিলেন না, ‘ও (মেসি) মাঝমাঠে নেমে বল নিতে খুব একটা অভ্যস্ত না। বল পায়ে নিয়ে ওকে ৫০ মিটার দৌড়াতে বলাটা অন্যায়। এটা ওর চোখেমুখে ফুটে উঠছিল।’ম্যারাডোনা মেসিকে ‘নতুন ম্যারাডোনা’ বানাতে গিয়েই ভুলটা করেছিলেন বলে বিশ্বাস ম্যানইউ, ইন্টার মিলান ও চেলসির সাবেক এই তারকার, ‘দুঃখজনকভাবে মেসি স্বচ্ছন্দ বোধ করছিল না। আসলে ও কখনোই আরেকটা ম্যারাডোনা হবে না। ও নিজের মতো খেলে। ওর সেরা খেলাটা খেলতে সতীর্থদের সাহায্য লাগে। সেটা কখনো পেয়েছে, কখনো পায়নি।’ইঙ্গিত সোজা—মেসিকে সাহায্য করতে বিশ্বকাপের শেষ দিকে মাঠে থাকতে পারেননি ভেরন। কিন্তু কেন? যে ভেরনকে জাভির সঙ্গে তুলনা করে আকাশে তুলে দিয়েছিলেন, কথা বাসি না হতেই তিনি কেন ব্রাত্য হয়ে যাবেন? অনেকে এ ঘটনার পেছনে ম্যারাডোনার সঙ্গে ভেরন পরিবারের দ্বন্দ্বের সম্পর্ক খুঁজে পান।কারণটা অবশ্য ভেরনও জানেন না। তিনিও সবার মতো বিস্মিত, ‘এক সময় উনি আমাকে জাভি হতে বললেন। পরেই দেখি আমি মাঠের বাইরে। স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছি।’ তাকে একাদশে না রাখায় মাঝমাঠে কী শূন্যতা তৈরি হয়েছিল সেটাই বললেন, ‘ম্যাক্সি (রদ্রিগেজ) ও অ্যাঙ্গেল (ডি মারিয়া) মূলত বাইরের দিকে খেলতে অভ্যস্ত। ফলে প্রতিপক্ষ সব সময় একটা সংখ্যাগত সুবিধা পেয়েছে। হাভিয়েরকে (মাচেরানো) প্রায় সময় তিনজন খেলোয়াড় সামলাতে হয়েছে।’সবকিছুর শেষ কথা, ম্যারাডোনার মতো কাউকে আর জাতীয় দলের দায়িত্বে দেখতে চান না ভেরন, ‘তাদের (ফেডারেশনের) উচিত দলের সঙ্গে যারা কাজ করছে তাদের ব্যাপারে খোলা মনে মূল্যায়ন করা। কোচিংয়ের যোগ্যতার ভিত্তিতেই এই পদে কাউকে নিয়োগ দেওয়া উচিত। শুধু ’৭৮ বা ’৮৬-এর দলের সদস্য বলে কাউকে দায়িত্ব দেওয়াটা ঠিক হবে না।’দায়িত্ব যাঁকেই দেওয়া হোক, আপাতত সমর্থনটা অন্তর্বর্তীকালীন কোচ সার্জিও বাতিস্তার পক্ষেই বেশি। বলা হচ্ছে এএফএ প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনাও এখন তাঁকে চাইছেন। বাতিস্তার পক্ষে কথা বলছেন তীব্র ম্যারাডোনা-সমালোচক ও ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় অসি আর্দিলেজ।বাতিস্তা এর আগেই সমর্থন পেয়েছেন দলের মহাতারকা লিওনেল মেসির। এবার দলের নতুন তারকা পাবলো জাবালেতাও বলছেন, অলিম্পিক দলের কোচ বাতিস্তারই থেকে যাওয়া উচিত, ‘উনি দীর্ঘসময় ধরে ডিয়েগোর সঙ্গে খেলেছেন। ডিয়েগো যখন কোচ ছিলেন, ওনার সঙ্গে ভালো যোগাযোগও ছিল। দুজনেই একই ধরনের সুন্দর ফুটবল খেলার পক্ষে।’ এপি, ওয়েবসাইট।