ম্যারাডোনাকেই সব কৃতিত্ব দিচ্ছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে নতুন পালক যোগ হয়েছে লিওনেল মেসির। তিনি এখন আর কেবল আর্জেন্টিনার সফল ফুটবলার নন, সফল অধিনায়ক হওয়ার পথেও এক পা এগিয়ে রেখেছেন। গতকালই তাঁকে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। গোল না পেলেও বরাবরের মতো নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলের জয় এনে দিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে কোনো প্রকার কৃতিত্ব নিতে রাজি নন আর্জেন্টিনা ফুটবলের এই প্রাণভোমরা। কৃতিত্ব বলুন আর যা-ই বলুন, মেসি সবকিছুই দিতে চান তাঁর কোচ ডিয়েগো ম্যারাডোনাকেই।অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে গ্রিসের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আর্জেন্টাইন দৈনিক বুয়েন্স আয়ার্স হেরাল্ডকে দেওয়া সাক্ষাত্কারে মেসি বলেন, ‘আমরা জয় পেয়েছি। আর এটাই আমাদের প্রয়োজন ছিল।’ নিজের চোখ ধাঁধানে পারফরম্যান্স সম্পর্কে আর্জেন্টিনার এই তারকা বলছেন, ‘ম্যারাডোনার কারণেই এভাবে খেলতে পারছি। দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়ে আসলে তিনি আমার তাঁর আস্থার ব্যাপারটিই সামনে নিয়ে এসেছে।’ম্যাচের পুরোটা সময়ই মেসিকে আটকানোর অবিরাম চেষ্টা করে গেছেন সোকরাটিস পাপস্তাথোপোউলোস। সুযোগ বুঝে গ্রিসের এই ডিফেন্ডারের সঙ্গে আক্রমণের চেষ্টা করেছেন অন্যরাও। মেসির দৃষ্টিতে, গতকালের ম্যাচে রেফারিংটা একেবারেই মান সম্মত ছিল না। তিনি বলেন, ‘মাঠে গ্রিসের খেলোয়াড়েরা খুবই উগ্র আচরণ করেছে। কিন্তু রেফারি সেগুলো দেখেও না দেখার ভান করেছেন।’ মেসি আরও বলেন, ‘আমাকে আমার মতো খেলতে দেওয়া হয়নি। আমাকে আঘাত করা হলেও গ্রিসের হয়েই যেন কাজ করছিলেন রেফারি! তার পরও আমরা সব বাধা অতিক্রম করে জয় পেয়েছি। এটাই বড় কথা।’মাঠে অসাধারণ ফুটবলশৈলী দিয়ে দলের জয়ে অবদান রাখলেও কেন যেন গোল পাচ্ছেন না মেসি। গোল না পাওয়াটা কি একটু হতাশাচ্ছন্ন করে তুলেছে বর্তমান সময়ের অন্যতম সেরা এই গেম মেকারকে? মেসি অবশ্য বলছেন, তিনি ব্যাপারটি একদমই পাত্তা দিচ্ছেন না। তিনি বলেছেন, ‘আমি কেবল দলের জয়ই চাই। গোল পাচ্ছি কি না, সেটা কোনো বিষয় নয়।’