ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন মেসি: জাভি
আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে মেসি প্রথম মাঠে নেমেছিলেন ২০০৫ সালে। আর নেমেই নিজ গুণেই পেয়ে যান নতুন ম্যারাডোনার খেতাব। ফুটবলের জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনার দেশ আর্জেন্টিনায় অবশ্য যেকোনো প্রতিভাবান খেলোয়াড়ই ম্যারাডোনার সঙ্গে তুলনীয় হন। এর আগে আরিয়েল ওর্তেগাকেও ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়েছিল। কিন্তু ফুটবল ঈশ্বরের সঙ্গে এই তুলনাটা ওর্তেগার জন্য একটু বেশিই ওজনদার হয়ে যাওয়ায় কালের গর্ভে হারিয়ে গেছেন তিনি। তবে লিওনেল মেসি অন্যদের সঙ্গে নিজের পার্থক্যটা খুব ভালোমতোই বুঝিয়ে দিয়েছেন। ম্যারাডোনা নিজেও মেসিকে স্বীকৃতি দিয়েছেন তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে। গত দুটি বিশ্বকাপেও সারা বিশ্ব মেসির মধ্যে ম্যারাডোনার পরিষ্কার ছায়াও দেখেছেন। দেশের হয়ে বিশ্বকাপ জেতা ছাড়া আর সব সাফল্যই ধরা দিয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই প্লে-মেকারের পায়ের নিচে। বিশ্বকাপ না জিততে পারার অপূর্ণতা মেসিকে ম্যারাডোনার সম উচ্চতায় নিয়ে যেতে না পারলেও তাঁর ক্লাব বার্সেলোনার সতীর্থ জাভি মনে করেন, মেসি ইতিমধ্যেই ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন প্রতিভায় ও সাফল্যে।ফিফা ডটকমের সঙ্গে এক সাক্ষাত্কারে জাভি বলেছেন, ‘আমার দৃষ্টিতে ‘লিও’ ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছে। আগামী কয়েক বছরও সে সবার চেয়ে এগিয়ে থাকবে।’২০০৯ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মেসি। এবারো তিনি সেই পুরস্কার জিতে দুনিয়ার সেরা ফুটবলারের তকমা গায়ে আঁটবেন বলেই মনে করেন জাভি। কেবল তাই নয়, ভবিষ্যতেও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা মেসিরই হবে বলে এক প্রকার সিদ্ধান্তই দিয়ে দিয়েছেন তিনি। তবে মেসির ব্যাপারে তার পরও একটা ‘কিন্তু’ রেখে দিয়েছেন তিনি। জাভি মনে করেন, আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপটা জিততে পারত তাহলে নির্দ্বিধায় ফিফা বর্ষসেরা পুরস্কারের দাবিদার হতে পারতেন তিনি। তবে এবার বিশ্বকাপ স্পেনের ঘরে যাওয়ায় কোনো স্প্যানিশও এই পুরস্কারটি জিততে পারেন বলে জানিয়েছেন জাভি। এর পরপরই আবার মেসির পক্ষেই নিজের সমর্থনের কথা জানালেন তিনি। বললেন, ‘মেসি পুরস্কারটি জিতুক মনে-প্রাণে তাই চাই আমি।’