ম্যারাডোনার আনন্দ, ক্ষোভ

ইতালীয় ক্লাব নাপোলির সঙ্গে যেন রক্তের সম্পর্ক ডিয়েগো ম্যারাডোনার। যৌবনের দীর্ঘ একটা সময় সেখানে কাটিয়েছেন, নিজে তারকাখ্যাতি পেয়েছেন, ক্লাবকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেখানে খেলতে গিয়েই প্রথম ‘বাবা’ হয়েছিলেন। ম্যারাডোনার সেই স্মৃতিময় ক্লাবে যোগ দিচ্ছেন তাঁর স্বদেশি গঞ্জালো হিগুয়েইন। খবরটা শুনে স্বাভাবিকভাবেই আনন্দিত আর্জেন্টাইন কিংবদন্তি।
নিজের আনন্দটা লুকিয়েও রাখেননি ৫২ বছর বয়সী ম্যারাডোনা। নাপোলিতে হিগুয়েইনের দারুণ সময় কাটবে বলেও বিশ্বাস আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ নায়কের, ‘পিপিটা (হিগুয়েইন) নাপোলির নতুন স্ট্রাইকার হতে যাচ্ছে, খবর শুনে খুব আনন্দ লাগছে। সে সব সময় আমার শিষ্য ছিল। আমি নিশ্চিত, আমার সাবেক ক্লাবে ওর দারুণ সময় কাটবে।’
আনন্দের খবরের সঙ্গে একটা ক্ষোভও উগরে দিয়েছেন ম্যারাডোনা। ক্ষোভটা স্বদেশি কার্লোস তেভেজ ও ইতালীয় ক্লাব জুভেন্টাসের ওপর। গত মাসে ম্যানচেস্টার সিটি ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন তেভেজ। ব্যাপারটা ভালো চোখে দেখেননি ম্যারাডোনা। হিগুয়েইনকে নেওয়ারও চেষ্টা করেছিল জুভেন্টাস। ৫২ বছর বয়সী ম্যারাডোনার ভাষ্য, ‘সত্যিকারের একজন আর্জেন্টাইন কখনো তুরিনে খেলতে পারে না।’
হিগুয়েইন ও নাপোলিকে আগাম শুভকামনাও জানিয়ে রেখেছেন ম্যারাডোনা, ‘নাপোলির লোকজন সব সময় আমার হূদয়ে রয়েছে। এবার তারা উদযাপন করতে পারে। আশা করছি, আবার শিরোপা জিতবে নাপোলি, ফিরে পাবে সোনালি অতীত।’
১৯৮৪ সালে বার্সেলোনা ছেড়ে নাপোলিতে যোগ দেন ম্যারাডোনা। তখন তাঁর বয়স ২৪ বছর। সেখানে খেলেন ১৯৯১ সাল পর্যন্ত। নাপোলির হয়ে ২৮৮ ম্যাচে অংশ নিয়ে ৮১টি গোল করেন ম্যারাডোনা। সূত্র: ওয়েবসাইট।