ম্যারাডোনার আসনে ‘স্থায়ীভাবে’ বাতিস্তা
দীর্ঘদিনের বন্ধু আর্জেন্টিনার সাবেক রাষ্ট্রপতি নেস্টর কিচনারের আকস্মিক মৃত্যুতে ৫০তম জন্মদিনটা বিষণ্নভাবে কেটেছে ম্যারাডোনার। তাঁর জন্মদিনটা অনেক জায়গায় সাড়ম্বরে উদ্যাপিত হলেও সেগুলোয় অংশ নিতে পারেননি খোদ ম্যারাডোনাই। তিনি নিজেও স্বীকার করেছেন সে কথা। এবার তাঁর মনটা আরও বিষিয়ে দিতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আজই হয়তো ম্যারাডোনার ছেড়ে আসা কোচের আসনে পাকাপাকিভাবে বসবেন অন্তর্বর্তীকালীন কোচ সার্জিও বাতিস্তা। এএফএ বাতিস্তার সঙ্গে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেওয়ার পরও অন্যান্য অনেক দেশের কোচের মতো ম্যারাডোনাকে ছুড়ে ফেলে দেয়নি আর্জেন্টিনা। বরং কোচ হিসেবে থেকে যাওয়ার জন্য সর্বস্তরের মানুষ অনুরোধ জানিয়েছিল তাঁকে। কিন্তু আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হওয়ায় স্বভাবসুলভভাবে রাগারাগি করেই সরে দাঁড়িয়েছিলেন কোচের পদ থেকে। পরে আবার যখন ফিরতে চাইলেন, তখন দেখলেন অনেকখানিই হাতছাড়া হয়ে গেছে তাঁর সাজানো গোছানো সাম্রাজ্য। দূরে সরে গেছে তার প্রিয় শিষ্যরাও। এমনকি কয়েকদিন আগে বাতিস্তা দাবিও করেছেন, মেসি তাঁর সঙ্গে কাজ করে খুব খুশি। ম্যারাডোনা অবশ্য তাঁর সাবেক সতীর্থর এ কথার প্রবল প্রতিবাদ করেছেন। কোচ হিসেবে বাতিস্তা অনেকখানিই নিশ্চিত—এটা জানার পর ম্যারাডোনা সাংবাদিকদের বলেছেন, ‘মেসির সঙ্গে কোচ হিসেবে কাজ করতে পেরে আমি খুবই গর্বিত। সে আমার সঙ্গেই বেশি খুশি ছিল। এতে কোনো সন্দেহ নেই। আমি তাঁকে সবার চেয়ে ভালোভাবে বুঝতাম।’ বাতিস্তা দাবি করছেন, ‘মেসি এখন খুশি কারণ সে সংয়ের মতো কাপড়চোপড় পরে। সে কাউকে খুশি করতে পারবে না।’ম্যারাডোনার ক্ষোভটা অনেকখানিই আঁচ করা যায় এ কথা থেকে। কিন্তু দুঃখের বিষয়, মেসির সমর্থন বাতিস্তার দিকেই। বাতিস্তাকে সমর্থন দিয়ে আর্জেন্টিনার এই স্ট্রাইকার বলেছিলেন, ‘কোচ হিসেবে বাতিস্তা থেকে যান এটাই আমি চাই। কারণ তাঁর সঙ্গে কাজ করে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। ১৭ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই হয়তো স্থায়ী কোচ হিসেবে বাতিস্তার অধ্যায় শুরু হতে যাচ্ছে। রয়টার্স।