ম্যারাডোনার আসল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বিয়ার বিপক্ষে অবাক করা ওই হারটা বাদ দিন, জার্মানির প্রশংসা করতেই হবে। খুব ভালো ফুটবল খেলেছে জার্মানি। এখন তাদের ফেবারিট হিসেবে রাখতেই হবে।ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষকে হারানো খুবই সুখকর একটা ব্যাপার। আমি মনে করি না, ইংল্যান্ডের ওই দ্বিতীয় গোলটি দেওয়া হলে ফল অন্য রকম কিছু হতো। আমি বলতে পারি, আমাদের ৪৪ বছরের অপেক্ষার অবসান হয়েছে।এই জার্মান দলের কোন দিকটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? দলীয় চেতনা আর সৃজনশীলতা। একই সঙ্গে গোল করার ক্ষমতা। প্রতি-আক্রমণে যাওয়ার জন্য প্রয়োজনীয় গতি এই দলের ছিল। একই সঙ্গে দলটার টেকনিক ও স্কিলও ছিল। রক্ষণ থেকে ধীরে ধীরে আক্রমণ তৈরি করেছে।মিরোস্লাভ ক্লোসার মতো বাড়তি প্রশংসা দাবি করছে মেসুত ওজিল। একজন খুবই তরুণ এবং মেধাবী, অন্যজন বয়সের দিক থেকে ‘প্রবীণ’ হলেও গোল করায় ওস্তাদ। এখন দলটির আত্মবিশ্বাস বাড়ছে এবং খেলোয়াড়দের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে তারা বিশ্বকাপ জিততে পারে।ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড তাদের সেরা ফর্ম খুঁজে পেতে ব্যর্থ। অভ্যন্তরীণ বিভেদ ফ্রান্স দলের চেতনা ধ্বংস করে দিয়েছে। ইংল্যান্ডের ক্ষেত্রেও কথাটা কিছুটা খাটে। আমার ধারণা, ইংল্যান্ড ও ইতালি প্রত্যাশার চাপ সামলাতে ব্যর্থ। ব্যর্থতার শঙ্কাই তাদের অচল করে ফেলেছিল। ওয়েইন রুনি খুবই হতাশ করেছে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েও ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। ফ্রান্স-ইতালি তো দ্বিতীয় রাউন্ডে উঠতেই ব্যর্থ।এই দলগুলো অনেক অভিজ্ঞতাসম্পন্ন। ইউরোপের সেরা লিগগুলোর খেলোয়াড়ই তো এসব দলের খেলোয়াড়। এবং তারা সবাই আগে বিশ্বকাপ জিতেছে। এটা অবাক করা ব্যাপারই। তবে এটা সত্য বিশ্বকাপ জেতে দল, কোনো খেলোয়াড় নয়।গতরাতে জাপান দ্বিতীয় রাউন্ডে খেলছিল। ফল কী দাঁড়িয়েছে জানি না। তবে জাপানের গ্রুপ ম্যাচ দেখে আমি অভিভূত। প্রতিটি ক্ষেত্রেই তারা যেন ‘একটা দল’। প্রতিটি বল দখলের লড়াইয়ে তারা একসঙ্গে গিয়েছে। তারা সামনে গিয়েছে ‘এক’ হয়ে। এই দলের চেতনা এবং গতি দেখার মতো। তবে হোন্ডাকে টিম ম্যান মনে হয়নি আমার, খুব ভালো খেলোয়াড় হলেও স্বার্থপরের মতো খেলেছে।দক্ষিণ আমেরিকানরা খুব ভালো করেছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি। এই লড়াইটা খুব আগ্রহ জাগাচ্ছে আমার। ফাইনালে যেতে হলে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে কঠিন পথ। কোচ হিসেবে ডিয়েগো ম্যারাডোনাকে সবাই বাতিলের খাতায় ফেললেও ক্যাপেলো, ডমেনেখ, লিপ্পিরা যা অর্জনে ব্যর্থ, তিনি তা করেছেন। এখন আর্জেন্টাইনরা নিজেদের উপভোগ করতে পারছে। দলটাকে চাপমুক্ত করেছেন, সর্বোপরি সবার মুখে হাসিটা ছড়িয়ে দিয়েছেন ডিয়েগো। বিশ্বকাপ জিততে যা খুবই দরকার।জার্মানি শক্তিশালী, সংগঠিত এবং ট্যাকটিক্যাল দিক থেকে শৃঙ্খল। আর্জেন্টিনাকে হারানোর সামর্থ্য এবং আত্মবিশ্বাস আছে জার্মানির। এটা হবে ডিয়েগো ম্যারাডোনার টেকনিক্যাল সামর্থ্যের প্রথম পরীক্ষা। মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসি কঠিন ট্যাকলের সামনে পড়ল, এ ব্যাপারে ডিয়েগো কী বলেন আমি শুনতে উদগ্রীব ছিলাম। এখন তাদের ওজিলকে থামাতে হবে। ক্লোসা-পোডলস্কি বিপজ্জনক হবে তাদের জন্য। আমি দেখতে চাই ম্যারাডোনার দল তাদের থামানোর সময় কতটা ন্যায়নিষ্ঠ থাকে।আফ্রিকার দেশগুলো হতাশ করলেও আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা দারুণ। আফ্রিকান দলের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপের সেরা লিগে খেলার সামর্থ্যটা দেখিয়েছে, তবে সার্বজনীনভাবে তারা পারফর্ম করতে ব্যর্থই। নাইজেরিয়া ধুঁকেছে, কারণ প্রস্তুতির জন্য তাদের কোচ খুবই কম সময় পেয়েছে। বিশ্বকাপ জিততে অন্তত দুই বছর আগে প্রস্তুতি শুরু করা দরকার। চূড়ান্ত পর্বে আপনি যখন আসবেন, তখন দল এবং কোচকে একটা পরিবারের মতো লাগতে হবে। প্রতি দলের তিন-চারটি ম্যাচ দেখে আমার মন বলছে জার্মানির ভালো সুযোগ আছে। রক্ষণাত্মকভাবে ব্রাজিল খুবই শক্তিশালী, টেকনিক্যালি বেশ সংগঠিত এবং তারা প্রয়োজনের সময় গোল করতে পারে। তাদের আক্রমণের অস্ত্র কাকা, লুইস ফ্যাবিয়ানো এবং রবিনহো—সবাই ভালো ফর্মে আছে। স্পেন উন্নতি করছে এবং আত্মবিশ্বাস বাড়ছে। তোরেস নিজেকে ফিরে পেলে তো কথাই নেই। আর আছে আর্জেন্টিনা। মেসি, তেভেজ ও হিগুয়েইন টেকনিক্যালি শক্তিশালী দলের বিপক্ষে কী করবে, সেটা এখন দেখার বিষয়। এই চারটি দলের একটিই বিশ্বকাপ জিতবে।