ম্যারাডোনার উল্টো তীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেসিকে যখন মাঠে সবাই মারে, রেফারি কিছুই করে না, তখন আমার যেমন অনূভুতি হয়, তাঁরও নিশ্চয় এখন সে রকম অনুভূতিই হচ্ছে!’ এখানে ‘তাঁর’ মানে হাভিয়ের আগুইরের। ডিয়েগো ম্যারাডোনাকে বলা হয়েছিল কার্লোস তেভেজের অফসাইড গোল নিয়ে মেক্সিকো কোচ আগুইরের ক্ষোভের কথা। ম্যারাডোনা কি আর এত সহজে ছেড়ে দেন! তেভেজের অফসাইড বিতর্ককে চাপা দিয়েছেন আর্জেন্টিনার কোচ নিজের ক্ষোভের কথা বলে।লিওনেল মেসির সুরক্ষা নিয়ে কিছুদিন ধরেই গলা ফাটিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার কোচ। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে কেউ কেউ যখন একটু বিতর্কের ছোঁয়া দেওয়ার চেষ্টা করছে, ম্যারাডোনা উল্টো জানিয়ে দিলেন, তাঁদের সঙ্গে কতটা অন্যায় করা হচ্ছে। তেভেজের অফসাইড বিতর্ক নয়, ম্যারাডোনার কাছে সবচেয়ে বিতর্কিত মেসিকে বারবার ফাউল করা, ‘ইংল্যান্ডের বিপক্ষে জার্মানি ভালো খেলেছে, কারণ কেউ তাদের অযথা লাথি মারার চেষ্টা করেনি। কিন্তু মেসি যখনই বল পায়, সবাই যেন ওর পায়ে লাথি মারতে চায়। আমি শুধু চাই, মেসিকে সবাই শ্রদ্ধা করুক, সবকিছুর একটা সীমা আছে।’ মেক্সিকোর বিপক্ষে পরশু পাঁচবার ফাউলের শিকার হয়েছেন মেসি, তাঁকে ফাউল করেই ম্যাচের একমাত্র হলুদ কার্ডটি দেখেছেন বার্সেলোনা-সতীর্থ রাফায়েল মার্কেজ।তবে পরশুর মেসিকে আগের তিন ম্যাচের মতো মনে হয়নি। কাঙ্ক্ষিত গোলটি পাননি পরশুও এবং তাতে দলের খুব একটা সমস্যা হয়নি। একটি বিতর্কিত ও একটি অসাধারণ—তেভেজের দুটি গোলের মধ্যে মেক্সিকোর দেওয়া ‘উপহার’ কাজে লাগানো গঞ্জালো হিগুয়েইনের গোলে আর্জেন্টিনা জিতেছে ৩-১ গোলে। আর টানা পঞ্চম বিশ্ব্বকাপে মেক্সিকো থেমে গেল দ্বিতীয় রাউন্ডে। মেক্সিকোর সবচেয়ে বড় ভয় ছিল প্রথম দশ মিনিট। এবারের আগেও টানা চারবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে মেক্সিকো, এর তিনবারই গোল খেয়েছে ১০ মিনিটের মধ্যে। তবে পরশু দশ মিনিটের মধ্যে উল্টো তারাই গোল করতে পারত দুটি। ৮ মিনিটে ৩৫ মিটার দূর থেকে নেওয়া কার্লোস সালসিদোর শট ফিরে আসে ক্রসবার কাঁপিয়ে। দু মিনিট পর আন্দ্রেস গুয়ার্দাদোর বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলে ঢোকার মুহূর্তে বাঁক খেয়ে বাইরে চলে যায় বার ঘেঁষে। তেভেজের সেই গোল ২৫ মিনিটে। মেসির পাস ধরে বক্সে ঢুকে পড়েছিলেন তেভেজ, মেক্সিকোর গোলরক্ষক অস্কার পেরেজ ছুটে এসে ডাইভ দিয়ে বল ফেরান। কিন্তু ফিরতি বল ধরে মেসি আবারও পাস দেন তেভেজকে। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হেডে বল জড়ান জালে। টিভি রিপ্লেতে দেখা যায়, পরিষ্কার অফসাইডে ছিলেন তেভেজ।সাত মিনিট পর মেক্সিকো ডিফেন্ডার ওসোরিও নিজেদের বক্সের সামনে থেকে এক সতীর্থকে পাস দিতে গিয়ে বল দিয়ে ফেলেন হিগুয়েইনের পায়ে। চিতার ক্ষিপ্রতায় বল ধরে এগিয়ে গিয়ে গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান হিগুয়েইন। চার গোল নিয়ে ‘এল পিপিতা’ এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ৫১ মিনিটে অসাধারণ এক গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে দেন তেভেজ। মেক্সিকোর সান্ত্বনার গোলটি করেন হাভিয়ের হার্নান্দেজ ৭০ মিনিটে। এই জয় উৎসর্গ করেছেন ম্যারাডোনা তাঁর বন্ধু আহত ইতালিয়ান মোটরসাইকেল রেসার ভ্যালেন্তিনো রসিকে।এবার আর্জেন্টিনার সামনে জার্মানি, এই বিশ্বকাপে যারা খেলেছে নজরকাড়া ফুটবল। তবে ম্যারাডোনার বিশ্বাস, জার্মানিকে হারাতে পারবে তাঁর দল। ১৯৮৬ ও ১৯৯০-এর ফাইনালসহ জার্মানির সঙ্গে স্মৃতি কম নেই খেলোয়াড় ম্যারাডোনার। স্মৃতিময় সেই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে ভীষণ উত্তেজিত কোচ ম্যারাডোনা, ‘আমার তো ইচ্ছে করছে জার্সি পরে নিজেই মাঠে নেমে যাই। আমার এই দলটা অসাধারণ, ওদের সঙ্গে একত্রে জার্মানির বিপক্ষে খেলতে পারলে আমার গর্ব হবে। অনেকেই বলেছিল আমার কোচ হওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু হঠাৎ করেই আমি ম্যাচ জিততে শুরু করেছি এবং এখনো আমি সেই আগের মানুষই আছি।’প্রতীক্ষার এই কোয়ার্টার ফাইনাল ৩ জুলাই, কেপটাউনে। ওয়েবসাইট।