ম্যারাডোনার কর-ঝঞ্ঝাট
ইতালিতে তাঁর কত স্মৃতি, কত আবেগ। এখানেই আছে তাঁর সেই আলোচিত প্রেম আর প্রেমের ফসল ডিয়েগো জুনিয়রও। ইতালিতে ফিরতে সব সময়ই মন টানে। কিন্তু ইতালিতে পা দিলেই যেন ওত পেতে থাকা শিকারির মতো ছুটে আসে কর বিভাগের কর্মকর্তারা। একবার তো তাঁর কানের দুল, হাতের ঘড়ি পর্যন্ত খুলে নিয়ে গেছেন তাঁরা!ইদানীং শোনা যাচ্ছে, ডিয়েগো ম্যারাডোনা নাকি নাপোলিতে কোচ হিসেবে ফিরতে চান। কিন্তু এই একটা ঝামেলার কারণে সেই ইচ্ছাটাকে পাথরচাপা দিয়ে রেখেছেন। ইতালির কর বিভাগের দাবি, খেলোয়াড় হিসেবে সাত বছর নাপোলিতে থাকার সময় ম্যারাডোনার যত কর বকেয়া ছিল, সুদে আসলে সেটার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭২ লাখ ইউরো!‘ইতালিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হয় আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। ইতালি এলেই ভয়াবহ সব অভিজ্ঞতা হয়। ইতালির করকর্মীরা এমন আচরণ করে যেন আমি চোর, প্রতারক। আমি তো কোনো ইতালিয়ানের কোনো কিছু চুরি করিনি। বরং তাদের দিয়েছি নির্মল আনন্দ’—ইতালির একটি পত্রিকাকে বলেছেন ম্যারাডোনা।কর দেওয়া, না দেওয়ার ব্যাপারটি তাঁর ওপর ছিল না, সেই দায় ছিল ক্লাবের। এই দাবি করে ম্যারাডোনা বলেছেন, ‘আমি পরিস্থিতির শিকার, দোষী নই। ইতালিতে আমাকে কর ফাঁকির প্রতীক বানানো হয়েছে। এটা অন্যায়। ইতালিতে আমিই একমাত্র ব্যক্তি যাঁকে কর বিভাগ এমন শাস্তি দিয়েছে। জানি না, আর কারও হাত থেকে ঘড়ি কিংবা কান থেকে দুল ছিনিয়ে নেওয়া হয়েছে কি না। আমার সঙ্গে চোরের মতো ব্যবহার না করা হলে আমি ইতালির কোনো দলের কোচ হতে রাজি আছি। সে ক্ষেত্রে সেই দলটা হবে নাপোলিই।’ ওয়েবসাইট।