ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনা...
১৯৯৪ সালে ২৪ বছর পর শিরোপা জিতেছিল ব্রাজিল। ২০০৬ সালে ২৪ বছর পর শিরোপা জিতল ইতালি। ২০১০ সালে ২৪ বছর পর...আর্জেন্টিনাই তো হয়, নাকি!সমর্থকেরা আশায় বুক বাঁধতে পারেন। তবে বেশি বেশি স্বপ্ন দেখলে শেষে পস্তাতে হবে। এই বেলা তাই সাবধান হয়ে যাওয়াই ভালো। এই সাবধানবাণী শোনাচ্ছেন কে? খোদ ওসভালদো আর্ডিলেস। ১৯৭৮ বিশ্বকাজয়ী দলের এই সাবেক আর্জেন্টাইন তারকা বলছেন, আর্জেন্টিনা শিরোপা জিতবে না। কারণ এই দলের কোচটির নাম ডিয়েগো ম্যারাডোনা!‘ওর দায়িত্বজ্ঞানহীন দল নির্বাচনের সমালোচনা করতেই হবে এবং আমি এখনো মনে করি, ওকে কোচ বানানো ছিল অদ্ভুত এক সিদ্ধান্ত’—বলেছেন ১৯৭৮ থেকে ১৯৮৮ পর্যন্ত টটেনহামে খেলা এই সাবেক মিডফিল্ডার। খেলা ছাড়ার পর বিভিন্ন ক্লাবে কোচ হিসেবে কাজ করছেন। সেও প্রায় ২০ বছর হয়ে গেল। নিজে ১৯৮২ বিশ্বকাপে তরুণ ম্যারাডোনার সঙ্গে খেলেছেন। তাঁকে চেনার অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘ডিয়েগো নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে না। কারণ ও নিজেকে “সবার সেরা” মনে করে। বিশ্বাস করে, অধিনায়ক এবং কোচ দুই ভূমিকাতেই শিরোপা জেতা ওর নিয়তি। কিন্তু এখন পর্যন্ত পরিষ্কারভাবেই কোচ হিসেবে নিজেকে সফল প্রমাণে ও ব্যর্থ। আমরা এই বিশ্বকাপে এসেছি ভয়াবহ বিপর্যয়ের ভেতর দিয়ে, সেখানে ভাগ্যের পরশও ছিল।’বিশ্বকাপের দলটাও পছন্দ হচ্ছে না ৫৭ বছর বয়সী আর্ডিলেসের। এই দলে হ্যাভিয়ের জানেত্তি, এস্তেবান ক্যাম্বিয়াসো, হুয়ান রিকেলমের মতো ‘নেতা’দের দেখছেন না। ‘ম্যারাডোনাকে নিয়ে আমি আসলে হতাশ। কারণ এদের বাদ দেওয়ার কোনো যুক্তি দেখি না। রিকেলমে অর্কেস্ট্রা দলের কন্ডাক্টরের ভূমিকাটা মাঠে নিতে পারত। এর বদলে ওরা দুজন কথাই বন্ধ করে দিল। জানেত্তিকে দলে না নেওয়ার কোনো মানেই হয় না। ইন্টার মিলানের অধিনায়ক হিসেবে দারুণ একটা মৌসুম কাটিয়েছে ও, ট্রেবল জিতেছে। সেরা খেলোয়াড়দের এভাবে বাদ দিয়ে প্রতিপক্ষের সুবিধা করে দিয়েছে ও। মূর্খামির চূড়ান্ত।’ম্যারাডোনা এবং আর্জেন্টিনা দলটার আরও একটি বড় সমস্যা দেখেন আর্ডিলেস, ‘ম্যারাডোনা ওর আশপাশে “জি হুজুর” ধরনের মানুষকে রেখেছে। এটা ওর সারা জীবনেরই একটা সমস্যা। আর সবার সঙ্গে ঝামেলা বাধানোও ওর পুরোনো অভ্যাস।’ সব মিলিয়ে দলে মেসির মতো বিশ্বের সেরা খেলোয়াড়টি থাকার পরও কোনো সম্ভাবনা তিনি দেখেন না, ‘দলের সবচেয়ে বড় সমস্যা তো কোচ নিজেই।’ নিজের আজীবনের অর্জন, মহিমা, কিংবদন্তি সব বাজি ধরে ম্যারাডোনা এই বিশ্বকাপে কোচের দায়িত্ব কেন নিয়েছেন, সেটিরও ব্যাখ্যা আছে আর্ডিলেসের কাছে। ম্যারাডোনাকে নাকি পেয়ে বসেছে পেলেকে সব দিক দিয়ে ছাপিয়ে যাওয়ার অবোধ্য এক নেশা। ১৯৭৮ বিশ্বকাপে ম্যারাডোনাকে দলে নেননি কোচ সিজার লুই মেনোত্তি। ফলে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ জেতার রেকর্ডটা পেলের (পেলে জিতেছিলেন ১৭ বছর বয়সে) কাছ থেকে কেড়ে নিতে পারেননি ম্যারাডোনা। আর্ডিলেসের মতে, এতেই আরও বেশি রাগ চেপে গেছে ম্যারাডোনার, ‘তখন ওর বছর ছিল ১৬, সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডটি ওরই হতো। ও পেলেকে সব দিক দিয়ে ছাড়িয়ে যেতে চাইত। কিন্তু তার স্বপ্ন তখন গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।’ এএফপি।