ম্যারাডোনার কৃতজ্ঞতা
ডোনা তোতার মৃত্যুশোকে স্তব্ধ আর্জেন্টাইনরা যে যেভাবে পারছে ম্যারাডোনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। কেউ সশরীরে এসে ম্যারাডোনাকে সমবেদনা জানাচ্ছে। যারা আসতে পারছে না, তারা দূর থেকেই শোকবার্তা পাঠিয়ে শামিল হচ্ছে শোকমিছিলে। প্রতিদানে ম্যারাডোনাও সবাইকে বাঁধছেন কৃতজ্ঞতায়। মায়ের মৃত্যুতে শোক জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।আর্জেন্টিনার লিগ ম্যাচের সময় ‘ম্যাডাম (ডোনা) তোতার’ বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের কণ্ঠে ঝরেছে কৃতজ্ঞতা, ‘স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন এবং সম্মান দেখানোর জন্য আমি আর্জেন্টাইন ফুটবল এবং বাইরেরও সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’ ম্যারাডোনাকে বেশি করে ছুঁয়ে গেছে আর্জেন্টিনার রাষ্ট্রপতি ক্রিস্টিনা কির্চনার এবং নিজ জেলা ভিয়া ফিওরিতোর প্রতিবেশীদের শোকবার্তা।অভিনেতা রিকার্ডো ডারিন, টেনিস তারকা ২০০৯ ইউএস ওপেন চ্যাম্পিয়ন হুয়ান মার্টিন দেল পোত্রো, ফুটবলার মার্টিন পালের্মোরা সশরীরে দেখা করেছেন ম্যারাডোনার সঙ্গে। দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি বার্তা পাঠিয়েছেন দূর থেকেই। অসুস্থ মাকে দেখতে গত রোববার সংযুক্ত আরব আমিরাত থেকে আর্জেন্টিনায় উড়ে যান ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু বিমানের মধ্যেই শুনতে পান, মা দালমা ফ্রাঙ্কো আর নেই! এএফপি।