ম্যারাডোনার কৌশলের ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত সমালোচনা, কত গঞ্জনা! কোচ ম্যারাডোনার সক্ষমতা নিয়ে সংশয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় দেখার পর নিন্দুকেরা আপাতত নীরব। কিন্তু তাতেও কি ম্যারাডোনার কোচিং-কৌশল সংশয় মোছেনি আপনার? তাহলে জেনে রাখুন, পরশু ম্যাচে হুয়ান ভেরনের কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে যে গোলটি করলেন গ্যাব্রিয়েল হেইঞ্জ, সেটি ম্যারাডোনারই ছকের ফসল!ভেরন নিজেই জানিয়েছেন, আর্জেন্টিনার তারকা স্ট্রাইকারদের ওপর প্রতিপক্ষ বাড়তি নজর দেবে। আর সেটারই ফায়দা তোলার জন্য ডিফেন্ডারদের ব্যবহার করতে চেয়েছেন ম্যারাডোনা। সে তো সব কোচই করে। ম্যারাডোনার বিশেষত্ব হলো, ভেরন আর হেইঞ্জকে দিয়ে অনুশীলনে তিনি একই কাজ অনেকবার করিয়েছেন।‘ডিয়েগো ওই কৌশলটা আগেই এঁটে রেখেছিলেন। আমরাও হেইঞ্জের সঙ্গে অনেক সময় নিয়ে এটি অনুশীলন করেছি। ওরা (নাইজেরিয়া) পেনাল্টির ভেতরের জায়গাটা মার্ক করে রেখেছিল। ফলে সামনের দিকে একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়। আমরাও অনুশীলনের ফসল পেয়ে গেলাম প্রথম চেষ্টাতেই। এল গ্রিঞ্জোও (হেইঞ্জের ডাকনাম) বেশ ভালো হেড নিয়েছে’—বলেছেন হেইঞ্জের গোলের নেপথ্য কারিগর ভেরন।ওই ম্যাচে মাত্র একটাই গোল পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু স্কোরলাইন বুঝতে দিচ্ছে না ২৪ বছর পর শিরোপার সন্ধানে উন্মুখ হয়ে থাকা দলটির দাপট ছিল কতটা। ভেরন এই বলে আশ্বস্ত করছেন, ধীরে ধীরে আরও খোলতাই হবে আর্জেন্টিনার খেলার রঙে। ১৭ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত ফুটবলের প্রদর্শনী দেখার আমন্ত্রণও জানিয়ে রাখলেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার।পরশু ম্যাচ শেষের ১৬ মিনিট আগেই মাঠছাড়া ভেরন পায়ের পেশিতে হালকা চোট পেয়েছেন। পরের ম্যাচে তাঁকে নাও দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন তিনি, ‘এই সময়টায় ঝুঁকি নেওয়া যাবে না। আমার বদলে অন্য কেউ অনায়াসে কাজটা সামলে নিতে পারবে।’ ভেরন নিজে প্রথম ম্যাচে ভালো খেলেননি। কারণ হিসেবে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ মিটার উচ্চতার স্টেডিয়ামটিকেই দায়ী করলেন দূরপাল্লার শটের এই বিশেষজ্ঞ। এ কারণে আর্জেন্টিনা এদিন বেশির ভাগ ম্যাচই ছোট পাসে খেলেছে বলে জানিয়েছেন তিনি। রয়টার্স।