ম্যারাডোনার জন্য দুয়ার খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলছে আকাশি-সাদা জার্সির আর্জেন্টিনা, আর স্যুট-টাই পরে ডাগ-আউটে ডিয়েগো ম্যারাডোনা! না, এই ছবি আবার দেখা যাওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) সঙ্গে ম্যারাডোনার একরকম যুদ্ধই চলছে। এবার এএফএর হয়েই হয়তো শান্তির পতাকা ওড়ালেন কার্লোস বিলার্দো। আর্জেন্টিনা দলের মহাব্যবস্থাপক বিলার্দো বলছেন, আবারও ম্যারাডোনার জাতীয় দলের কোচ হতে সমস্যা নেই, দুয়ার তাঁর জন্য খোলাই রেখেছেন তাঁরা।নিজের সাবেক শিষ্যের সঙ্গে সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। তবে ১৯৮৬ বিশ্বকাপজয়ী কোচ বলছেন, ম্যারাডোনার সঙ্গে তাঁর সম্পর্কটাই এমন, ‘আমরা এখন আর কথা বলি না। তবে ১৯৮৩ সাল থেকে ডিয়েগো আর আমি কমপক্ষে ৪০ বার ঝগড়া করেছি। বছর দেড়েক হলো, আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে। কিন্তু আবার যে সেটা জোড়া লাগবে না, সেটা আপনি কখনোই বলতে পারেন না।’২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর ম্যারাডোনা নিজে থেকে সরে দাঁড়াতে চান। কিন্তু এএফএ প্রধান হুলিও গ্রন্ডোনা তাঁকে কোচ রেখে দিতে চেয়েছিলেন। যদিও পরে সমস্যা দেখা দেয় ম্যারাডোনার সহকারীদের নিয়ে। গ্রন্ডোনা-বিলার্দো পক্ষের চাওয়া ছিল, সহকারীদের পাল্টাতে হবে। কিন্তু ম্যারাডোনা রাজি হননি।গ্রন্ডোনা এখনো বলছেন, ‘ওর কোচ হিসেবে থেকে যাওয়াই উচিত ছিল। কিন্তু সে তার সহকারীদের সবাইকে রেখে দেওয়ার ব্যাপারে জেদ করল। আমরা তাতে রাজি হলাম না। ও বলল, “রাখলে সবাইকে রাখতে হবে, না হলে কেউ থাকবে না।” আমরা বললাম, “সবাইকে? প্রশ্নই আসে না!” এর পরই সে চলে গেল।’ম্যারাডোনার পর কোচ হিসেবে আসেন সার্জিও বাতিস্তা। কিন্তু তাঁর অধীনে নিজেদের মাঠে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয় আর্জেন্টিনা। পদচ্যুত হন বাতিস্তা। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছে আলেসান্দ্রো সাবেলা। আর ম্যারাডোনাও তাঁর দলবল নিয়ে কোচিং করাতে চলে যান আরব আমিরাতে। দায়িত্ব নেন আল ওয়াসলের। এএফপি।