ম্যারাডোনার জাদু আর হরেক রোমাঞ্চের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনা
ম্যারাডোনা

মাত্র ১৬ বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের সৌভাগ্য মেক্সিকো ছাড়া আর কার ভাগ্যে জুটেছে? ১৯৭০ সালের পর ১৯৮৬ সালের বিশ্বকাপ যেন হঠাৎ করেই ধরা দেয় উত্তর আমেরিকার এই দেশটির হাতে।
’৮৬ সালের বিশ্বকাপের আয়োজক হওয়ার কথা ছিল লাতিন আমেরিকার কলম্বিয়ার। কিন্তু বিশ্বের সবচেয়ে সেরা এই আয়োজনের জন্য অর্থনীতির যে গাঁথুনি থাকা দরকার তার স্পষ্টতই অভাব ছিল কলম্বিয়ার। নিজেদের অর্থনৈতিক দুরবস্থার কারণে বিশ্বকাপ আয়োজনের বেশ আগেই ফিফার কাছে আত্মসমর্পণ করে ফেলে কলম্বিয়—নাহ, বিশ্বকাপ আয়োজন তাদের ‘কম্ম’ নয়।
কলম্বিয়ার আত্মসমর্পণে বেশ বিপদেই পড়ে যায় ফিফা। এত অল্প সময়ের মধ্যে কাকে বেছে নেওয়া হবে আয়োজক হিসেবে! অনেক দেশ অবশ্য আশায় ছিল একটি উন্মুক্ত বিডিংয়ের মাধ্যমে ’৮৬-এর আয়োজক হওয়ার। তবে সবাইকে হতাশ করে, বেশ কিছুটা বিতর্ক ছড়িয়ে তত্কালীন ফিফা সভাপতি জোয়াও হ্যাভালাঞ্জ নিজের একক ক্ষমতায় কলম্বিয়ার বদলি হিসেবে মেক্সিকোকে বেছে নেন।
মেক্সিকোর অবস্থা সে সময় কলম্বিয়ার চেয়ে খুব ভালো ছিল না। ’৮২-তে আয়োজক মনোনীত হওয়ার পর বিশ্বকাপের প্রস্তুতির সময়ই, ১৯৮৫ সালে এক ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে পরিণত করে দেশের একটি অংশকে। অবকাঠামো পুনর্গঠনের অসহনীয় চাপ থাকার পরেও মেক্সিকো শেষ পর্যন্ত বেশ সফলভাবেই আয়োজন করে আশির দশকের দ্বিতীয় বিশ্বকাপটি। অনেকেই খেলার মান ও প্রতিদ্বন্দ্বিতার দৃষ্টিকোণ থেকে ’৮৬-র বিশ্বকাপকে এযাবত্কালের সেরা বিশ্বকাপ হিসেবেই অভিহিত করতে পছন্দ করেন।
’৮৬-র মেক্সিকো বিশ্বকাপ এক নির্দিষ্ট ব্যক্তির সঙ্গেই সম্পর্কযুক্ত। মেক্সিকো বিশ্বকাপের প্রসঙ্গে এলেই প্রতিটি মানুষের মানসপটে ভেসে ওঠে ওই নির্দিষ্ট ব্যক্তির ছবি। তিনি আর কেউ নন, ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা নামের এক অসাধারণ প্রতিভাবান ফুটবলার। অনেকেই তাঁকে এই মর্ত্যের সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও অভিহিত করেন। তিনি এই বিশ্বকাপকে যেন নিলেন বিরাশির-ভূত তাড়ানোর মিশন হিসেবে। ১৯৮২ সালে নিজের প্রথম বিশ্বকাপটি নানা কারণেই দুঃস্বপ্ন হয়েই ছিল তাঁর কাছে। ’৮৬-তে প্রায় এককভাবে সাধারণ মানের আর্জেন্টাইন দলকে তিনি এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ জয়ের গৌরব। প্রতিটি ম্যাচেই তিনি প্রমাণ রাখেন নিজের অনন্য প্রতিভার। কূটবুদ্ধিতেও তিনি কম যান না। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি হাত দিয়ে গোল করে হইচই ফেলে দেন বিশ্বব্যাপী। খেলা শেষে তাঁর ওই দুষ্টবুদ্ধির সপক্ষে যুক্তি দিয়েছিলেন ওটাকে ‘ঈশ্বরের হাতের’ গোল হিসেবে অভিহিত করে।
চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে সেবার শুরু করেছিল বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। ম্যারাডোনার পা থেকে এসেছিল সেই সমতাসূচক গোল। এরপর আর পেছনে তাকাতে হয়নি আর্জেন্টিনাকে। একের পর এক ম্যাচ জিতে তাঁর পৌঁছে যায় বিশ্বকাপ গৌরবের চূড়ায়।
এই বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ ছিল ডেনমার্ক। মাইকেল লাউড্রপ প্রেবেন এলজায়ের লারসেন—এ দুই তারকার অনবদ্য শৈলী ডেনমার্ককে নিয়ে নতুন করে ভাবায় সবাইকে। ডেনিসদের সবাইকে হতবাক করে দিয়েছিল প্রথম রাউন্ডে উরুগুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে। তবে দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বে তাদের স্বপ্নযাত্রার সমাপ্তি হয় স্পেনের কাছে ৫-১ গোলে হেরে। স্প্যানিশ তারকা এমিলিও বুত্রাগুয়েনোর গোল-চতুষ্টয়ের দীপ্যমান সেই ম্যাচ।
একটি বিষয় বলা হয়নি। ’৮২-র মতো ’৮৬-র বিশ্বকাপও ২৪ দেশের আয়োজন হলেও মেক্সিকো বিশ্বকাপে ফরম্যাটে আমূল পরিবর্তন আসে। বিশ্বকাপ লড়াই পরিবর্তিত ফরম্যাটের ছোঁয়ায় হয়ে ওঠে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আকর্ষণীয়, সেই সঙ্গে রোমাঞ্চকর। ২৪টি দলকে সেবারও ছয় গ্রুপে ভাগ করা হয়েছিল প্রথম পর্বে, তবে দ্বিতীয় পর্ব গ্রুপ লড়াইয়ের বদলে হয়ে ওঠে দারুণ আকর্ষণীয় এক ‘নক আউট’ রাউন্ড। প্রথম পর্বের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়াও নক আউট পর্বে সেবার সুযোগ পায় আরও চারটি ‘সেরা তৃতীয়’ দল। মোট ১৬টি দলের দ্বিতীয় পর্ব থেকে আটটি বাদ পড়ার পর বাকি আটটিকে নিয়ে অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের চার বিজয়ী খেলে সেমিতে।

এই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে ফেবারিটদের তালিকায় থাকা সোভিয়েত ইউনিয়ন। তারা সবাইকে অবাক করেই ৪-৩ গোলে হেরে যায় বেলজিয়ামের কাছে। আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম ছাড়াও দ্বিতীয় রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা বাকি পাঁচটি দেশ হলো ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো ও পশ্চিম জার্মানি। ব্রাজিল ৪-০ গোলে পোল্যান্ডকে, ইংল্যান্ড ৩-০ গোলে প্যারাগুয়েকে এবং ফ্রান্স ২-০ গোলে ইতালিকে হারায়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মরক্কোকে ১-০ গোলে হারিয়ে যেন ধরে প্রাণ পায় পশ্চিম জার্মানি।
কোয়ার্টার ফাইনাল চারটির মধ্যে তিনটিরই নিষ্পত্তি হয় টাইব্রেকারে। এর মধ্যে আছে ব্রাজিল-ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা সেই ম্যাচটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে অমীমাংসিত সেই খেলায় জিকো-সক্রেটিসের টাইব্রেকার-মিসের বলি হয় ব্রাজিল। ’৮২-র পর এই বিশ্বকাপেও ব্রাজিল ছিল চ্যাম্পিয়ন হওয়ার মতোই এক দল।
ইংল্যান্ডের বিপক্ষে ‘ঈশ্বরের হাত’ ছাড়াও ম্যারাডোনার পা থেকে আসে অসাধারণ এক গোল। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে পাঁচজন ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে ম্যারাডোনার সেই গোলটি স্থান পেয়েছে শতাব্দীর সেরা গোলের হিসেবেই। ইংল্যান্ডকে কাঁদিয়ে ওই ম্যাচ আর্জেন্টিনা জিতে নেয় ২-১ গোলে। স্বাগতিক মেক্সিকোও কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার-দুর্ভাগ্যের শিকার হয়। পশ্চিম জার্মানির সঙ্গে সেই ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ছিল গোলশূন্য। টাইব্রেকারে স্বাগতিকেরা হেরে যায় ৪-১ গোলে। অপর কোয়ার্টারে বেলজিয়ামের কাছে হেরে যায় স্পেন। সেই ম্যাচটির ফলও নির্ধারিত হয় টাইব্রেকারে।
সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারে বেলজিয়াম। মিশেল প্লাতিনির ফ্রান্সও ২-০ গোলে হেরে যায় পশ্চিম জার্মানির বিপক্ষে। ম্যারাডোনার পা থেকেই আসে আর্জেন্টিনার সেই দুই গোল। জার্মানির পক্ষে গোল করেন আন্দ্রেস ব্রেইমে ও রুডি ফোলার।
আর্জেন্টিনা-পশ্চিম জার্মানির ফাইনাল ছিল দারুণ উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চে ঠাসা। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ২৩ মিনিটেই ব্রাউনের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৫৫ মিনিটে ভালদানোর গোলে যখন মনে হচ্ছিল আর্জেন্টিনার শিরোপা প্রায় নিশ্চিত ঠিক তখনই মাত্র ছয় মিনিটের (৭৪ ও ৮০ মিনিট) ব্যবধানে কার্ল হেইঞ্জ রুমেনিগে ও রুডি ফোলারের দুই গোলে খেলায় দারুণভাবে ফিরে আসে পশ্চিম জার্মানি। তবে ২-২ সমতার তৃতীয় মিনিটে (ম্যাচের ৮৩ মিনিট) বুরুচাগার গোলে বিশ্ব জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় আর্জেন্টিনা।
মেক্সিকো বিশ্বকাপে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন ইংল্যান্ডের গ্যারি লিনেকার। সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল উঠেছিল ওই ম্যারাডোনারই হাতে। পুরো বিশ্বকাপে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় ফুটবল খেলে ফিফা ফেয়ার প্লে ট্রফি জিতে নেয় সক্রেটিস-জিকো-অ্যালেমাও-ক্যারেকার ব্রাজিল।