ম্যারাডোনার দল চূড়ান্ত
সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার পথে এক টিভি ক্যামেরাম্যানের পায়ের ওপর দিয়ে চলে গেল ডিয়েগো ম্যারাডোনার গাড়ি। আহত হয়েও ভদ্রলোক ম্যারাডোনার গালি খেলেন। তবে গত বুধবার ম্যারাডোনার কাছ থেকে আর যাঁরা আহত হয়েছেন, তাঁরা কেউ গালি খাননি। আহত হয়েছেন বিশ্বকাপ প্রাথমিক দলের সাত সদস্য। চূড়ান্ত দল ঘোষণার সময় এখনো পেরিয়ে যায়নি। তার পরও দুঙ্গার পথ অনুসরণ করে বুধবারই সাতজনকে বাদ দিয়ে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। এই দলে অন্তত ‘ম্যারাডোনা-সুলভ’ কোনো চমক নেই। বাদ পড়াদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ফ্যাবরিসিও কোলোচ্চিনি। আর মূল দলে সুযোগ পাওয়াদের মধ্যে বড় চমক আর্জেন্টিনার হয়ে একটি মাত্র ম্যাচ খেলা ডিফেন্ডার আরিয়েল গার্সে।৩০ বছর বয়সী কোলোন ডিফেন্ডার গার্সে তাঁর ক্যারিয়ারের প্রথম এবং এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে একমাত্র ম্যাচটি খেলেছেন সপ্তাহ দুয়েক আগে, হাইতির বিপক্ষে। আর্জেন্টিনার ৪-০ গোলে জেতা ওই ম্যাচে গার্সের পারফরম্যান্স ম্যারাডোনাকে এতটাই মুগ্ধ করেছে যে, তাঁর দক্ষিণ আফ্রিকার টিকিট মিলে গেল!অবশ্য ম্যারাডোনা বাদ দিয়ে দিয়েছেন ওই ম্যাচ দেখেই প্রাথমিক দলে ডাক দেওয়া সেবাস্তিয়ান ব্ল্যাঙ্কোকে। কোলোচ্চিনি, ব্ল্যাঙ্কো ছাড়াও বাদ পড়েছেন ম্যানুয়েল ইনসরালদে, হোসে সোসা, ইজেকুয়েল লাভেজ্জি, হুয়ান মর্সিয়ের। বাদ পড়েছেন আলোচনায় থাকা অলিম্পিয়াকোস মিডফিল্ডার জেসাস দাতোলোও। দাতোলোর অভিষেক হয়েছিল রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। ওই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে ২০ সেকেন্ডের মধ্যে গোল করেছিলেন। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ১-৩ গোলে হারা ম্যাচে আর্জেন্টিনার একমাত্র গোলটি করেছিলেন ৩০ গজ দূর থেকে নেওয়া শটে। এএফপি। ২৩ সদস্যের আর্জেন্টিনা দলগোলরক্ষক: সার্জিও রোমেরো (এজেড আলকমার), মারিয়ানো আন্দুজার (কাতানিয়া), ডিয়েগো পোজো (কোলোন)।ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্ডি (ভেলেজ সার্সফিল্ড), মার্টিন ডেমিচেলিস (বায়ার্ন মিউনিখ), ওয়াল্টার স্যামুয়েল (ইন্টার মিলান), গ্যাব্রিয়েল হেইঞ্জ (মার্শেই), নিকোলাস বুরদিসো (এএস রোমা), ক্লেমেন্তে রদ্রিগেজ (এস্তুদিয়ান্তেস), আরিয়েল গার্সে (কোলোন)।মিডফিল্ডার: হোনাস গুতিয়েরেজ (নিউক্যাসেল), ম্যাক্সিমিলানো রদ্রিগেজ (লিভারপুল), হাভিয়ের মাচেরানো (লিভারপুল), সেবাস্তিয়ান ভেরন (এস্তুদিয়ান্তেস), অ্যাঙ্গেল ডি মারিয়া (বেনফিকা), হাভিয়ের পাস্তেরো (পালের্মো), মারিও বোলাত্তি (ফিওরেন্টিনা)।ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো হিগুয়েইন (রিয়াল মাদ্রিদ), মার্টিন পালের্মো (বোকা জুনিয়র্স), সার্জিও আগুয়েরো (অ্যাটলেটিকো মাদ্রিদ), ডিয়েগো মিলিতো (ইন্টার মিলান), কার্লোস তেভেজ (ম্যানচেস্টার সিটি)।