ম্যারাডোনার দল প্রায় চূড়ান্ত!
দায়িত্ব নেওয়ার পর থেকে ৯৪ জন খেলোয়াড়কে দলে ডেকেছেন। নিন্দুকেরা টিপ্পনী কেটে বলে, ডিয়েগো ম্যারাডোনা সেঞ্চুরিই করে ফেলবেন বিশ্বকাপের আগে। বাকি কোচরা যখন দল গুছিয়ে পরিকল্পনা করে এগোচ্ছেন, তখনো আর্জেন্টিনার কোচ কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ খেলা প্রীতি ম্যাচেও ডেকেছেন ডজনখানেক নতুন খেলোয়াড়। এসব হচ্ছে কী!কোস্টারিকার বিপক্ষে মঙ্গলবারের ৩-২ গোলের জয়েও যেমন সন্তুষ্ট নয় দেশটির প্রভাবশালী দৈনিক লা ন্যাসিওন, ‘এই জয়টাও প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি।’তবে ম্যারাডোনা আবার জানিয়ে দিলেন, খেলোয়াড়ি জীবনে যেমন ছিলেন, কোচ হিসেবেও আর দশজনের কাজ-কারবারের সঙ্গে তাঁকে মেলালে চলবে না। লোকে যে যা-ই বলুক, তিনি দল প্রায় গুছিয়ে ফেলেছেন। কারা খেলবেন সেই তালিকার খসড়াও নাকি হয়ে গেছে! বিশ্বকাপের ২৩ জনের দলটার ৬০ শতাংশ চূড়ান্ত। বাকি ৪০ শতাংশও ঠিক হয়ে যাবে দিন কয়েকের মধ্যে।‘কে কী বলছে তাতে কিছু আসে-যায় না। আমি পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাব’—কোস্টারিকা ম্যাচ শেষে বলেছেন আর্জেন্টিনার কোচ। ওই ম্যাচে ঘরোয়া খেলোয়াড়দের নিয়েই দল গড়েছিলেন। তাতে বেশ কজন নজরও কেড়েছে তাঁর। বিশেষ করে ফুলব্যাক ক্লেমেন্ত রদ্রিগেজ। এই জায়গাটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন ম্যারাডোনা। মিডফিল্ডার হোসে সোসাকেও মনে ধরেছে তাঁর।কিন্তু পরীক্ষা-নিরীক্ষার জন্য খুব বেশি সময়ও হাতে নেই। বিশ্বকাপের আগে গোটা চারেক প্রস্তুতি ম্যাচ পাবেন। ১০ ফেব্রুয়ারি জ্যামাইকা আসবে আর্জেন্টিনায়। ৩ মার্চ জার্মানির বিপক্ষে তাদের মাঠে খেলবে আর্জেন্টিনা। মে মাসে কানাডা ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচ।মঙ্গলবারই ম্যারাডোনা তাঁর দল সম্পর্কে খানিকটা আভাস দিয়ে রেখেছেন, ‘আমি এরই মধ্যে ৬০ শতাংশ খেলোয়াড় ঠিক করে ফেলেছি। লিওনেল মেসি, হুয়ান সেবাস্তিয়ান ভেরন আর হাভিয়ের মাচেরানোর বিশ্বকাপ দলে থাকা নিশ্চিত।’বাকি খেলোয়াড় কারা সেটি খুলে বলেননি। তবে চূড়ান্ত দল ঘোষণার আগে কিছু হিসাব-নিকাশ সেরে নেবেন বলে জানিয়েছেন, ‘আমার মাথায় এরই মধ্যে বেশ কিছু নাম আছে। যারা প্রায় নিশ্চিত। কিন্তু তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে থাকবে কি না, সেটি নির্ভর করছে তাদের ফর্ম আর ক্লাবের হয়ে খেলছে কি খেলছে না তার ওপর। চূড়ান্ত দল পাঠানোর আগে আমাকে আরও কিছু কাজ করতে হবে।’আর্জেন্টিনারই আরেক দৈনিক ক্লারিন অবশ্য জানিয়েছে, মেসি, ভেরন, মাচেরানো ছাড়াও আরও ১০ জন তাঁদের সুটকেস গুছিয়ে রাখতে পারেন: গোলরক্ষক সার্জিও রোমেরো এবং মারিয়ানো আন্দুজার; ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জ, মার্টিন ডেমিচেলিস এবং নিকোলাস ওটমেন্ডি; মিডফিল্ডার হোনাস গুতিরেজ এবং অ্যাঙ্গেল ডি মারিয়া; ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো এবং কার্লোস তেভেজ। এএফপি।