ম্যারাডোনার দল হারছেই
জয়হীন কাটিয়ে দিলেন টানা পাঁচটি ম্যাচ। সর্বশেষ আট ম্যাচে জয় মাত্র একটি। অন্য কোনো কোচ হলে রাতের ঘুমই হয়তো হারাম হয়ে যেত। কিন্তু তিনি ‘অন্য’ নন; ‘অনন্য’। আর তাই পরশু লিগে দশম ম্যাচে চতুর্থ পরাজয় নিয়ে মাঠ ছাড়ার পরও ক্যামেরাম্যানদের নিয়ে রসিকতা করলেন ডিয়েগো ম্যারাডোনা। সংবাদ সম্মেলনেও দেখা গেল খোশ মেজাজে।অথচ পরশু পরাজয়টি এসেছে লিগের ১২ দলের মধ্যে দুর্বলতমদের একটির বিপক্ষে। এর আগে ৯ ম্যাচে মাত্র ১ ম্যাচ জিততে পেরেছিল দুবাই। সেই তারাই ম্যারাডোনার আল ওয়াসলকে হারিয়ে দিল ২-১ গোলে! ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের সাতে নেমে গেল ওয়াসল। শিরোপার আশা সুদূরপরাহত। এখন না ১২ দলের মধ্যে শেষে গিয়ে নামেন ম্যারাডোনা!এত দিন আড়ঠোঁটে বলাবলি হলেও পরশু স্পষ্ট করেই বিষয়টি উঠে এল সংবাদ সম্মেলনে। ম্যারাডোনা কি ওয়াসলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন? উত্তর এল ম্যারাডোনা-সুলভই, ‘প্রথম দিন যখন দায়িত্ব নিলাম, সেদিন যেমন তীব্র আকাঙ্ক্ষা ও অনুরাগ ছিল, কাজের ব্যাপারে এখনো তা-ই আছে। আমি আমার পুরোটাই ঢেলে দেব। এই দলের কোচ হিসেবে আমি কাজ করে যাব। দুই বছরের চুক্তি আছে। আমি চুক্তির মেয়াদ পূর্ণ করতেই ইচ্ছুক। যারা আমাকে দায়িত্বটা দিয়েছেন, তাঁদের প্রতি সম্মান দেখানোর জন্যই তা করতে হবে। আশা করি, আস্থার কিছু প্রতিদান আমি দিতে পারব।’সেটা করতে হলে আগে ব্যর্থতার ডুবোচর থেকে দলকে টেনে তুলতে হবে। ম্যারাডোনা সেটাই তো পারছেন না। ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে বসব। আমাদের মধ্যে সিরিয়াস আলাপ হবে। এর পর পরিকল্পনা করব কীভাবে পরিস্থিতি পাল্টানো যায়’—বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ওয়েবসাইট।