ম্যারাডোনার দিন শেষ ওয়াসলে!
ডিয়েগো ম্যারাডোনার হুংকারে বুঝি আর কাজ হচ্ছে না। উল্টো হয়তো নিজের বিপদ ডেকে আনলেন নিজেই। ট্রান্সফারের বাজারে পর্যাপ্ত খরচ করতে না পেরে ক্ষিপ্ত আর্জেন্টাইন কিংবদন্তি কদিন আগে আল ওয়াসল ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। হয়তো ভেবেছিলেন, এতেই কাজ হবে। ক্লাব কর্তৃপক্ষও তৎপর হয়েছে। তবে ম্যারাডোনার দাবি পূরণে নয়, তাঁর বিকল্প খুঁজতে! যে সে কোচ নয়, ম্যারাডোনার মতোই ‘হাই-প্রোফাইল’ একজন কোচ খুঁজছে দুবাইয়ের ক্লাবটি। ম্যারাডোনা তো ক্লাবকেও সে রকম কিছু দিতে পারছেন না। ১২ দলের আরব আমিরাত লিগে তাঁর দল রয়েছে সপ্তম স্থানে।ম্যারাডোনার অভিযোগ, তাঁকে দেওয়া কথা রাখেনি ক্লাব। খেলোয়াড় কেনার জন্য চাহিদামতো অর্থের জোগান দেওয়া হয়নি তাঁকে। আনতে পারেননি পছন্দের ফুটবলারদের। রেগেমেগে গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি দেখব আল ওয়াসল আমার দাবিগুলো পূরণ করতে পারে কি না। না পারলে আমি ক্লাব ছেড়ে দেব। পছন্দের ফুটবলারদের না পেলে থাকার মানে হয় না। প্রতিদ্বন্দ্বিতাই করতে না পারলে থেকে কী লাভ!’তবে ক্লাব কর্তৃপক্ষও কঠিন পথ বেছে নিয়েছে। ক্লাবের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, এই হুমকিতে তাঁদের আঁতে ঘা লেগেছে যথেষ্টই। তাই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই সপ্তাহেই ক্লাবের মালিক মারওয়ান বিন বায়াতের সঙ্গে দেখা করার কথা ম্যারাডোনার। তাঁর ভবিষ্যৎ নির্ধারিত হবে হয়তো তখনই। এএফপি ও ওয়েবসাইট।