ম্যারাডোনার দুই রূপ !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ছবিতে ফুটবলের উন্নয়নের জন্য সোচ্চার ম্যারাডোনা। দ্বিতীয় ছবিতে বুয়েনস আয়ার্সের এক নাইটক্লাবে উদ্দাম ম্যারাডোনা।
প্রথম ছবিতে ফুটবলের উন্নয়নের জন্য সোচ্চার ম্যারাডোনা। দ্বিতীয় ছবিতে বুয়েনস আয়ার্সের এক নাইটক্লাবে উদ্দাম ম্যারাডোনা।

প্রতিনিয়তই নিত্যনতুন কাণ্ডকারখানা করে সংবাদমাধ্যমে স্থান করে নেন ডিয়েগো ম্যারাডোনা। ফুটবল বিশ্বের গুরুত্বপূর্ণ কোনো স্থান দখল করে না রাখলেও আর্জেন্টাইন এই কিংবদন্তিকে নিয়ে সংবাদের কোনো অভাব হয় না। সেটা ইতিবাচক খবরই হোক বা নেতিবাচক। সাম্প্রতিক সময়ে ম্যারাডোনা অবশ্য দুভাবেই এসেছেন সংবাদমাধ্যমের শিরোনামে।
প্রথম খবরটি প্রতিবাদী ম্যারাডোনার। দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের অনিয়ম নিয়ে সোচ্চার হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। জোট বেঁধেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিওর সঙ্গে। তাঁদের মতে, এই অঞ্চলের ফুটবল থেকে যে পরিমাণ অর্থ আসছে, সেটা সবার মাঝে সমানভাবে বণ্টন করা হচ্ছে না। আর্জেন্টিনা ও ব্রাজিলের সাবেক এই দুই তারকা ফুটবলার সম্প্রতি মিলিত হয়েছিলেন দক্ষিণ আমেরিকার ২০টি ক্লাব ও উরুগুয়ের একদল আইনজীবীর সঙ্গে। সেখানেই তাঁরা নিজেদের অভিযোগগুলো তুলে ধরেছেন। ম্যারাডোনা বলেছেন, ‘বিস্ময় আর দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি যে, ফুটবলটা শুধু অল্প কয়েকজনের জন্যই। এটা না ক্লাবগুলোর জন্য, না সমর্থক বা খেলোয়াড়দের জন্য। আমরা একটা কমিশন গঠন করব সেই মানুষদের মুখোশ খুলে দেওয়ার জন্য, যারা খেলাটাকে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে। এটা খুবই কঠিন কিন্তু যারা এদের ভয় পায় না তাদের ধন্যবাদ।’ ম্যারাডোনার সঙ্গে গলা মিলিয়ে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের কঠোর সমালোচনা করেছেন ব্রাজিলের ’৯৪ সালের বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও। এই অঞ্চলের ফুটবলের অগ্রগতির জন্য বরাদ্দকৃত অর্থ কোথায় কীভাবে খরচ হচ্ছে, সেটা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকাও।
দ্বিতীয় খবরটি ক্ষমতার দাপট দেখানো ম্যারাডোনার। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সখ্য আছে বলে বুয়েনস এইরেসের একটি নাইট ক্লাব বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন আর্জেন্টিনার সাবেক এই কোচ। সেখানে গিয়েছিলেন নতুন বান্ধবী রোসিও অলিভেরার সঙ্গে। ক্লাবটি বন্ধ করে দেওয়ার সময় হলেও আরও আধঘণ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন ম্যারাডোনা। ক্লাবটির মালিক তাতে রাজি না হওয়ায় সেটা বন্ধ করে দেওয়ারই হুমকি দিয়েছেন তিনি। বলেছেন, ‘যদি তুমি আরও কিছুক্ষণ চালিয়ে না যাও তাহলে আমি মেরেনোকে (আর্জেন্টিনার বাণিজ্যমন্ত্রী গুইলেরমো মেরেনো) বলে এটা বন্ধ করে দেব।’