ম্যারাডোনার দৃষ্টি এখন ইরাকে
ইরাক জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির এজেন্ট হেরনান টাফোনি গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, ইরাককে ২০১৪ বিশ্বকাপের মূল আসরে নিয়ে যাওয়ার লক্ষ্য ম্যারাডোনার।‘ডিয়েগো ইরাকের দায়িত্ব পেতে খুবই আগ্রহী। তিনি প্রায় প্রতিদিনই আমাদের ফোন করছেন। তবে তিনি শুধু ছয় মাসের জন্য দায়িত্ব নিতে চান না। ডিয়োগা চান দীর্ঘমেয়াদি দায়িত্ব। তাঁর লক্ষ্য, ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরে ইরাককে নিয়ে যাওয়া।’ বলেছেন টাফোনি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মাসে ব্রাজিলীয় কিংবদন্তি জিকো ইরাকের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এর পরই ম্যারাডোনার নামটি আলোচনার টেবিলে আনেন ফিফার নিবন্ধিত এজেন্ট টাফোনি। তিনিই এখন ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে ম্যারাডোনার হয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কেবল একবার মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইরাক, সেটা ১৯৮৬ সালে। ওই আসরে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।গত ১০ জুলাই আল ওয়াসলের কোচের পদ থেকে বহিষ্কৃত হন ম্যারাডোনা। ২০১১ সালে দুই বছর মেয়াদি চুক্তিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু সন্তোষজনক ফল এনে দিতে ব্যর্থ হওয়ায় ১৪ মাস পরই কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা ম্যারাডোনা ও তাঁর কোচিং স্টাফদের পারফরম্যান্স পর্যালোচনা করে সবাইকে বহিষ্কারের ঘোষণা দেন।আল ওয়াসলের সঙ্গে এখনো অবশ্য ম্যারাডোনার সম্পর্ক ছিন্ন হয়নি। কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর তিনি কাজ করছেন ক্লাবটির পরামর্শক হিসেবে। তবে ইরাকের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আল ওয়াসলের সঙ্গে চুক্তি বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছেন টাফোনি। তাঁর ভাষ্য, আল ওয়াসল ছাড়তে ম্যারাডোনার সামনে কোনো বাধা নেই।