ম্যারাডোনার পাশে পাহেইরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার দাবি, ডিয়েগো ম্যারাডোনা জাতীয় দলের দায়িত্বে থেকে যান। এবার ব্রাজিল থেকেও এই দাবিটা এল! না, ব্রাজিলের কোচ-খেলোয়াড়-প্রেসিডেন্ট কেউ নন, কথাটা বলেছেন কিংবদন্তি হয়ে যাওয়া ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পাহেইরা।পাঁচটি দল নিয়ে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া পাহেইরা এবার বিশ্বকাপে ছিলেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কোচ। নিজের দলকে নিয়ে আশা-ভরসা তাঁর প্রথম রাউন্ডে শেষ হয়ে গেছে। এখন তাই ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ক্রীড়া পত্রিকা ওলে-র সঙ্গে। সেখানেই বললেন, তাঁর মতে, ম্যারাডোনারই আর্জেন্টিনার দায়িত্ব পালন করে যাওয়া উচিত।তবে পাহেইরা একটু শর্ত জুড়ে দিয়েছেন, ‘ওর (ম্যারাডোনা) পাশে যদি একটা ভালো টেকনিক্যাল দল থাকে, যারা কাজ করতে পারবে, পরিকল্পনা করতে পারবে; তাহলে আমার মনে হয়, ওর কাজটা চালিয়ে যাওয়া উচিত। আমি বিস্মিত হয়েছি, আর্জেন্টিনার লোকজন ওর থেকে যাওয়া নিয়ে দ্বিধাবিভক্ত কেন! অন্যদিকে ব্রাজিলে কারোরই দুঙ্গার ব্যাপারে কোনো আগ্রহ নেই।’ম্যারাডোনা আর দুঙ্গাতে প্রভেদ দেখলেও আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের ওপরই আসলে চটে আছেন পাহেইরা। ১৯৯৪ সালে দুঙ্গার দলকে নিয়ে বিশ্বকাপ জেতা কোচ বলছেন, দুই দলই তাঁকে হতাশ করেছে, ‘আমি বিশ্বাস করছিলাম, ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল খেলবে। যেভাবে তারা শুরু করল, তাদের যে ইতিহাস, যে মানের খেলোয়াড় ছিল, সে কারণেই বিশ্বাসটা করছিলাম। কিন্তু দুই দলই সবাইকে হতাশ করল। দুই দলের বাদ পড়াতেই আমি চমকে গেছি। ভেবেছিলাম, আর্জেন্টিনা জার্মানিকে হারাবে। ব্রাজিলও তা-ই করবে। কিন্তু হল্যান্ড তো অন্য ধরনের দল। সর্বশেষ ম্যাচ হেরেছে তারা প্রায় দুই বছর আগে।’সে যা-ই হোক। ব্রাজিল-আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। এখন যদি নিজেদের মহাদেশের বিশ্বকাপে কিছু করতে পারে। আর্জেন্টিনার ওপর তো সব সময় যেমন থাকে, তেমন চাপই থাকবে। কিন্তু নিজেদের দেশের বিশ্বকাপে ব্রাজিলের ওপর চাপের কোনো সীমা-পরিসীমা থাকবে না।এই চাপের কথা ভেবেই পাহেইরা করুণা অনুভব করছেন ব্রাজিলের পরবর্তী কোচের জন্য, ‘পরবর্তী কোচকে সুপারম্যান বা ভিনগ্রহের প্রাণী হতে হবে। আমি ইতিবাচক অর্থেই বলছি, তার সুপার পাওয়ার থাকতে হবে। কারণ, ব্রাজিলেই বিশ্বকাপটা হতে যাচ্ছে। এবার কল্পনা করুন যে লোকজনের চাপ আছে, দু-দুটো ব্যর্থতার চাপ আছে। যদি এবার তারা জিততে পারত, তাহলে অনেক কম চাপ নিয়ে শুরু করতে পারত। কিন্তু এখন চাপটা অসীম।’যদি পাহেইরাকে বলা হয়, এই চাপ নেবেন? দুই বিশ্বকাপে ব্রাজিলের দায়িত্ব পালন করা পাহেইরা বিন্দুমাত্র রাজি নন, ‘আমার এই পদ নিয়ে একটুও লোভ নেই। কারণ, আগামী চার বছর স্রেফ অরাজকতা থাকবে। যে কোচই দায়িত্ব নিন না কেন, এই চার বছরে একটা মিনিটও শান্তিতে কাটাতে পারবেন না তিনি।’পাহেইরা শুধু অশান্তিটাই দেখলেন? দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের গর্বটা গায়ে মাখার সুযোগটা দেখলেন না! ওয়েবসাইট।