ম্যারাডোনা নিজেই একটা রহস্য। দক্ষিণ আফ্রিকায় এসে প্রিটোরিয়ার হাইপারফরম্যান্স সেন্টারে দলটিকে আরও রহস্যাবৃত করে রেখে দিয়েছেন বলে জানা গিয়েছিল। সাংবাদিকেরা খুব একটা তাঁর নাগাল পাচ্ছিলেন না। এর আগে একটা প্র্যাকটিস সেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার দিয়েছিলেন। গত ১০ দিনের মধ্যে পরশু ‘হ্যাঁ’ বললেন দ্বিতীয়বারের মতো। তবে শুধু শেষ ১৫ মিনিটের অনুশীলন দেখার জন্য। তা জেনে সাংবাদিক সমাজ বিশেষ উত্তেজিত। সকাল থেকেই সার বেঁধে সাংবাদিকেরা আসতে শুরু করলেন। সোয়া চারটায় শুরু সেশন, দুপুর ২টার মধ্যেই স্টেডিয়াম জনারণ্য।সোয়া চারটায় প্রিটোরিয়া ইউনিভার্সিটির রাগবি মাঠের সামনে গিয়ে পৌঁছানো গেল। কোথায়, সামনে! একটার পর একটা মাঠ আর ছোট হাঁটা পথ পেরিয়ে যেখানে থামতে হলো, সেখান থেকে মাঠটা প্রায় দেড় কিলোমিটার দূরে। রক্তচক্ষু পুলিশের বেষ্টনী পেরিয়ে আর সামনে যাওয়ার উপায় নেই। ম্যারাডোনা সবুজ সংকেত দিলে তবেই যাওয়া যাবে। অগত্যা ওখানেই অপেক্ষায় থাকা। ৫ মিনিটের অপেক্ষাটা বিরক্তিকর মনে হতে দেয়নি ওখানকার পরিবেশ। শ-তিনেক সাংবাদিক আর শ-দুয়েক আর্জেন্টাইন সমর্থকের কলকাকলীতে (পড়ুন হইচই) সময়টা ফুরিয়ে গেল মুহূর্তেই। এরপর ডাক পড়ল।পড়িমরি করে ছুট। বিশাল লম্বা লাইন। সবাই যেন অমৃতকুম্ভের যাত্রী। শেষ পর্যন্ত কালো মাথা, সাদা মাথা গুনে সাংবাদিকের সংখ্যা পাঁচ শর কম বলে মনে হলো না। সঙ্গে তো সেই ‘জঙ্গি’ সমর্থকগোষ্ঠী আছেই। অনেকের হাতেই ব্যানার, তাতে লেখা ‘ভামোস ভামোস আর্জেন্টিনা’, মানে ‘গো আর্জেন্টিনা গো’। শুধু ব্যানার হাতে নিয়েই তো তারা সন্তুষ্ট নয়, মাঝেমধ্যেই গর্জন তুলছে, ‘ভামোস আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা।’যাওয়া গেল একেবারে মাঠের পাদদেশে। পাদদেশে বলা এ কারণেই, মাঠটা অনেক উঁচুতে। দূর থেকে মেসি-হিগুয়েইনদের কলরব শোনা যাচ্ছে, তবু ঢোকা যাচ্ছে না। বিশালদেহী পুলিশকুল খানাতল্লাশি না করে কি আর ছাড়ে! মাঠে ঢুকেই দেখা গেল আর্জেন্টাইন জাদুকরদের। সবার মাঝখানে ধূসর জার্সি পরে যিনি বাঁশি হাতে রেফারির ভূমিকায়, তিনিই ডিয়েগো ম্যারাডোনা, এই গ্রহের সর্বকালের সেরা দুজন ফুটবলারের একজন।মেসি কোথায়, মেসি? ওই তো কমলা রঙের জার্সি পরে আগুয়েরোর সঙ্গে বল দখলের লড়াইয়ে মত্ত। আগুয়েরোর গায়ে নীল জার্সি। বোঝা গেল, দুটো দলে ভাগ হয়ে ম্যাচ খেলছেন মেসিরা। কমলা অর্থাৎ মেসির দলের অধিনায়ক ভেরন, নীল দলের মাচেরানো। ২২ জনের মধ্যে সবচেয়ে চনমনে দেখাল নীল দলের তেভেজকে। দ্রুত ছুটে গিয়ে বল কাড়ছেন। হতে পারে, সেরা এগারোয় জায়গা পাওয়ার জন্য কোচকে খুশি করতে চাইছেন। বারকয়েক মাঠের মধ্যে দাঁড়িয়ে ম্যারাডোনা ও ভেরন কথা বললেন পরস্পরের গলার সঙ্গে গলা মিলিয়ে। একেই বোধহয় বলে গলায় গলায় ভাব। দুজনের উচ্চ হাসির শব্দও মাঠ পেরিয়ে এল গ্যালারিতে। যেখানে টিভি ক্যামেরা, ক্যামেরা আর খাতা-কলম নিয়ে অপেক্ষায় শ-পাঁচেক সাংবাদিক।প্রথম গোলটা করলেন তেভেজ। ‘অফসাইড অফসাইড’ বলে রেফারির দিকে তেড়ে এলেন কমলা দলের খেলোয়াড়েরা। রেফারি দুই দিকে মাথা ঝাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে সরে গেলেন। ডান পায়ে কিছু একটা হয়েছে ম্যারাডোনার? না হলে অমন টেনে হাঁটবেন কেন? আর্জেন্টিনার এসএন টিভির সাংবাদিক নিকোলাস যা বললেন, তাতে কিছুই হয়নি। চলনে-বলনে একটু ভারিক্কি ভাব ফুটিয়ে তুলতেই নাকি ও রকম করে হাঁটেন ‘আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর’! কিন্তু লোকটাকে আর খানিকক্ষণ দেখে ঈশ্বরের মতো মনে হলো না। মনে হলো, একজন জোকার! এর-ওর সঙ্গে খুনসুটি করছেন। ফ্রি-কিক নিতে গেলে রেফারি সাহেব বল ব্লক করে দিচ্ছেন। মেসিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই ডান প্রান্তে দু-তিনজনকে কাটিয়ে যাকে বল পায়ে এগিয়ে আসতে দেখা গেল, তিনি মেসি না হয়ে যানই না। ঠিক তাই এবং দেখতে দেখতেই সেই বার্সেলোনার জাদু প্রদর্শন। পনিটেলধারী মিডফিল্ডার হোনাস গুতিয়েরেজকে কাটিয়ে বিদ্যুচ্চমকের মতো গোল করে বসলেন বাঁ পায়ে। ১-১ সমতা। সবার আগে যিনি মেসিকে জড়িয়ে ধরলেন, তিনি তাঁর স্ট্রাইকিং প্রতিদ্বন্দ্বী গঞ্জালো হিগুয়েইন। ছুটে এলেন প্রতিপক্ষ নীল দলের মার্টিন পালের্মো। ম্যারাডোনাও মেসির মুখ টিপে একটু আদর করে দিলেন। পরপরই রাগে অগ্নিশর্মা হয়ে মাচেরানোকে ধাক্কা মেরে দিলেন সরিয়ে। কোনো নির্দেশ হয়তো ঠিকঠাকমতো পালন করতে পারেননি আর্জেন্টিনার মূল অধিনায়ক! ভর্ৎসনা পাওনা ছিল ‘জামাই’ আগুয়েরোরও। একেবারেই ফাঁকা একটা বল পেয়ে গোলে শট নেওয়ার সময় শরীরের ভারসাম্য রাখতে পারেননি আর্জেন্টিনা দলের সবচেয়ে খর্বাকৃতির খেলোয়াড়টি। শ্বশুর তাঁর দিকে আগুন চোখে তাকালেন। একসময় বাজিয়ে দিলেন শেষ বাঁশি।তখনো ডাগ-আউটে পায়চারি করছেন কার্লোস বিলার্দো। সবার মধ্যে থেকেও যেন তিনি নিঃসঙ্গ। গুরুর চেয়ে শিষ্য যে আজ অনেক বড়। ১৯৮৬ বিশ্বকাপে শিষ্য তাঁর নির্দেশ পালন করতেন মাঠে নেমে। আজ মাঠের বাইরেই শিষ্যের কথা মেনে চলতে হয় বিলার্দোকে। আজ তিনি শুধুই একজন পরামর্শক। ম্যারাডোনা তাঁর পরামর্শ মানতেও পারেন, নাও পারেন। তবে রাগবি মাঠ পেরিয়ে হকি মাঠটা পাড়ি দিতে থাকা আর্জেন্টিনা দলের সবচেয়ে পেছনের দুজন মানুষকে দেখা গেল খুব কাছাকাছি। একজন ডিয়েগো ম্যারাডোনা, আরেকজনের নাম কার্লোস বিলার্দো। এই দুজনের রসায়নে কি তাহলে আরেকটি ১৯৮৬-এর জন্ম হবে? ৪০ মিনিট পর সংবাদ সম্মেলনে এসে নিকোলাস বুর্দিসো ও রদ্রিগেজ তো সেই ঘোষণাই দিয়ে গেলেন, ‘আমরা আরেকটা এইটি সিক্স চাই।’