ম্যারাডোনার বাধা এরিকসন
ইরাকের কোচ ডিয়েগো ম্যারাডোনা হয়েই যেতেন। কিন্তু এর মধ্যে ইংল্যান্ড দলের সাবেক কোচ এরিকসনের ব্যাপারেও ইরাকি ফুটবল সংস্থা (আইএফএ) আগ্রহী হয়ে ওঠায় পিছিয়ে পড়েছেন ম্যারাডোনা। ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ডের মতো তারকাবহুল একটা দল সামলেছেন। সুইডিশ এই কোচের জীবনবৃত্তান্তে আছে রোমা, বেনফিকা, ফিওরেন্টিনা, লাৎসিওর মতো ক্লাবের হয়ে কাজ করার অভিজ্ঞতা। মেক্সিকো আর আইভরি কোস্টের কোচও ছিলেন বেশ কিছুদিন। অনভিজ্ঞ ম্যারাডোনার চেয়ে এরিকসন এগিয়ে তো থাকবেনই।ম্যারাডোনার ব্যাপারে আইএফএ আগ্রহী নয়—এই খবরটি ঠিক নয় বলে দাবি করেছেন তাঁর এজেন্ট হারনান তোফোনি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি আবার বলেছেন, ম্যারাডোনার ব্যাপারে অবশ্যই ইরাক আগ্রহী। কিন্তু সংস্থাটির বোর্ড সদস্য অনেক হওয়ায় সবাই মিলে একমত হতে পারছেন না, ‘এই আলোচনায় ৩০ জনের মতো ক্লাব প্রতিনিধি অংশ নিচ্ছে। ডিয়েগোকে তারা কোচ করানোর ব্যাপারে উচ্ছ্বসিতই। কিন্তু অন্যান্য বোর্ড পরিচালকেরা এরিকসনের নাম প্রস্তাব করেছেন। বিষয়টি আগামী সপ্তাহে মীমাংসা হবে।’তোফোনি ম্যারাডোনার পক্ষ থেকে আইএফএর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তাঁকে উদ্ধৃত করেই রয়টার্স প্রথমে জানিয়েছিল, ম্যারাডোনার ইরাকের কোচ হওয়াটা প্রায় নিশ্চিত। কিন্তু এর পর অন্য আরেকটি বার্তা সংস্থা আইএফএর সহসভাপতিকে উদ্ধৃত করে খবর দেয়, ম্যারাডোনার সঙ্গে কোনো আলোচনা চলছে না। তোফোনি অবশ্য জোর দিয়েই বলছেন, ব্যাপারটি এগোচ্ছে। দ্রুতই সবকিছু নিয়ে ম্যারাডোনার সঙ্গে দেখাও করবেন বলে জানিয়েছেন ম্যারাডোনার এই প্রতিনিধি। রয়টার্স।