ম্যারাডোনার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেতরে বৈঠক চলছে, যেকোনো সময় ঘোষণা আসবে। বাইরে ঢোলবাদ্য নিয়ে উল্লাসে মেতেছে লোকজন। গায়ে তাদের আর্জেন্টিনার জার্সি, হাতে পতাকা, মুখে চিৎকার—ডিয়েগো, থেকে যাও।কোনো চিৎকারে কাজ হলো না। ‘ডিয়েগো’ থাকলেন না। অন্যভাবে বলা যায়—আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) আর লম্বা করল না ম্যারাডোনা-অধ্যায়। ম্যারাডোনার সঙ্গে সোমবার বৈঠকের পর এএফএ মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রম সিদ্ধান্ত নিয়েছে, আর্জেন্টিনার কোচ হিসেবে ম্যারাডোনার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না।’এ ঘোষণার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার প্রায় ২০ মাসের কোচিং অভিযান। আপাতত শেষ হয়ে গেল তাঁর আরেকটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর্জেন্টিনাকে নিয়ে ব্রাজিল বিশ্বকাপে কে যাবেন, সেটা এখনো ঠিক করে উঠতে পারেনি এএফএ। তবে ১১ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের জন্য কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অলিম্পিকজয়ী কোচ সার্জিও বাতিস্তাকে।২০০৮ সালের নভেম্বর মাসে বাছাইপর্বে ঝুঁকির মধ্যে থাকা জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা। দায়িত্ব নিয়ে আর্জেন্টিনার পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দিয়েছিলেন।শতাধিক খেলোয়াড় রদবদল করে খুব সমালোচিতও হয়েছিলেন। তবে অন্তিম মুহূর্তে বাছাইপর্ব পার করে দিয়েছিলেন দলকে। অবশ্য বিশ্বকাপের দল নির্বাচন করতে গিয়ে হুয়ান রোমান রিকেলমে, হাভিয়ের জানেত্তি, এস্তেবান ক্যাম্বিয়াসোর মতো খেলোয়াড়কে দলে নিতে না পেরে বা বাদ দিয়ে সমালোচিত হয়েছিলেন। শেষ পর্যন্ত বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত অবশ্য মাঠের খেলা দিয়ে সমালোচনা খানিকটা কমাতে পেরেছিলেন ম্যারাডোনা। জার্মানির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ম্যারাডোনা নিজে বলেছিলেন, ‘আমার সময় শেষ।’ এরপর সময় গড়িয়েছে, আর আর্জেন্টাইন জনমত ও রাজনৈতিক মত ম্যারাডোনার পক্ষে দৃঢ় হয়েছে। এএফএ প্রেসিডেন্ট হুলিও গ্রন্ডোনাও বলেছিলেন, তিনি ম্যারাডোনাকে রেখে দিতে চান। কিন্তু ম্যারাডোনা ছিলেন নীরব। মাঝে ফেডারেশনের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও বৈঠক ফেলে চলে যান ভেনেজুয়েলায়।সেখান থেকে ফিরে বলেছিলেন, কোচ হিসেবে থাকতে চান। তবে শর্ত, তাঁর কোচিং স্টাফে কোনো রদবদল করা চলবে না। ওদিকে আগে থেকেই এএফএ জানিয়ে দিয়েছিল, তারা কোচিং স্টাফে কিছু বদল আনতে চায়। এএফএ বলছে, এই নিয়েই ম্যারাডোনার সঙ্গে দ্বিমত হওয়ায় নতুন চুক্তি হয়নি।গ্রন্ডোনা অবশ্য বলছেন, তাঁরা ম্যারাডোনাকে বের করে দেননি, ‘ডিয়েগোর কোচিং দলে কিছু পরিবর্তন আনা দরকার ছিল। কিন্তু আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। এর মানে এই নয় যে, আমরা তাঁকে বের করে দিয়েছি। স্রেফ চুক্তিটা নবায়ন করা সম্ভব হলো না।’এখন তাহলে কার সঙ্গে চুক্তি করবে আর্জেন্টিনা? আপাতত এটা নিয়ে নাকি তাড়াহুড়ো করতে চাইছে না এএফএ। তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বোকা জুনিয়র্সের দারুণ সফল কোচ কার্লোস বিয়ানচি নাকি এই পদের জন্য জনপ্রিয় পছন্দ। এস্তুদিয়ান্তেস কোচ অ্যালেক্স সাবেলাও আছেন পছন্দের তালিকায়। এ ছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ মার্সেলো বিয়েলসা, সাবেক ইনডিপেন্ডিয়েন্টি কোচ আমেরিকো গ্যালেগো, সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার র‌্যামন ডিয়াজ এবং আর্জেন্টিনা যুবদলের কোচ, ম্যারাডোনার সতীর্থ ও বর্তমান ভারপ্রাপ্ত কোচ বাতিস্তাও নাকি আছেন কোচ হওয়ার দৌড়ে। তাহলে ম্যারাডোনা-অধ্যায় আসলেই শেষ! এএফএ মুখপাত্র আর্নেস্তো চারকুইস বিয়ালো বলেছেন, ‘এটা ম্যারাডোনার প্রথম পর্বের সমাপ্তি। এই ঘরের দরজা চিরদিনের মতোই তার জন্য খোলা থাকবে।’দেশটার নাম আর্জেন্টিনা। খোলা দরজা দিয়ে আবার ম্যারাডোনা প্রবেশ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। এএফপি, রয়টার্স, এপি, ওয়েবসাইট।