ম্যারাডোনার বিষণ্ন জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ তাঁর ৫০তম জন্মদিন। ৫০, মানুষের জন্য একটা মাইলফলক। কিন্তু বিশেষ এই দিনটা বড় বিষণ্নই কাটবে ডিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি যে মাত্রই হারিয়ে ফেলেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু নেস্টর কির্চনারকে। সাবেক রাষ্ট্রপতি যেমন তাঁর দুঃসময়ে পাশে ছিলেন, বিপদে-আপদে ম্যারাডোনাও হাজির হয়েছিলেন। আবেগপ্রবণ ম্যারাডোনা পরশু গিয়েছিলেন নেস্টরের শেষকৃত্যানুষ্ঠানেও। বলেছেন, আর্জেন্টিনা একজন যোদ্ধাকে হারাল।দিনকাল এমনিতেই ভালো কাটছে না। জেদাজেদি করে আর্জেন্টিনা কোচের চাকরিটা হারিয়েছেন। ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে সার্জিও বাতিস্তা দলের ওপর এতটাই প্রভাব বিস্তার করেছেন, তাঁর ফিরে যাওয়ার সুযোগও সামান্যই। এই বাস্তবতা ম্যারাডোনা নিজেও জানেন। আর তাই নতুন চাকরি খুঁজছেন। ম্যারাডোনার ব্যাপারে অখ্যাত বেশ কিছু দল আগ্রহীও। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তি নিজে কাজ করতে চান বড় কোনো দলেই। আপাতত তাঁর লক্ষ্য ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দল। ‘স্কাই স্পোর্টস’কে ম্যারাডোনা বলেছেন, ‘প্রিমিয়ার লিগে কাজ করতে পারলে আমার ভালোই লাগবে। ওদের লিগে দারুণ সব দল আছে। অন্য মাত্রার খেলাই হয় ওখানে। খেলোয়াড়েরাও সব দুর্দান্ত।’কিন্তু ম্যারাডোনা চাইলেই কোচ হয়ে গেলেন, ব্যাপারটা এত সোজাও নয়। সমস্যাটা ম্যারাডোনাও উপলব্ধি করছেন, ‘সমস্যা হলো ইংল্যান্ডের যেসব দল আমার পছন্দের, ওদের প্রত্যেকেরই ভালো ভালো কোচ আছে। যদি ভালো কোনো প্রস্তাব পাই, আমি অবশ্যই রাজি হব।’অ্যাস্টন ভিলার কোচ হতে পারেন এমন গুঞ্জন ছিল। ভিলা অবশ্য পরে জেরার্ড হাউলিয়ারকে বেছে নিয়ে কোচ হিসেবে। ম্যারাডোনাও জানালেন, তাঁকে ঘিরে অনেক গুঞ্জন থাকলেও এর কোনোটাই সত্যি নয়, ‘আমি পরিষ্কার বলতে চাই, কাউকেই আমি চাকরির জন্য প্রস্তাব দিইনি, কেউ আমাকেও বলেনি। তবে আমি নিশ্চিত করেই জানি, আবারও একদিন জাতীয় দলে ফিরে যাব। আমার নিয়তি সেখানেই লেখা আছে। আমি সেদিনের জন্যই অপেক্ষা করছি।’জাতীয় দল বলতে আর্জেন্টিনার কথাই বলছেন ম্যারাডোনা। তাঁর জন্মদিনের এই একটা প্রার্থনা। কে জানে কবে সেটা পূরণ হবে। ম্যারাডোনা নিজেও যে আশাবাদী নন। আর্জেন্টাইন ফুটবল সংস্থাকে আরও একবার ধুয়ে দিলেন, ‘ওরা অন্যায়ভাবে আমার কাছ থেকে জাতীয় দলটিকে কেড়ে নিয়েছে। এ নিয়ে আমি অবশ্য কোনো কথা বলতে চাই না। ওরা আমার কোনো কথা শোনারও যোগ্য নয়। তবে হ্যাঁ, এটা সত্যি, জাতীয় দলকে আমি ভীষণ মিস করি।’ম্যারাডোনাকেও নিশ্চয়ই মিস করে জাতীয় দল। তবে এই মুহূর্তে তাঁকে সবচেয়ে বেশি মিস করছে নাপোলি। ম্যারাডোনার এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে বিশেষ একটা ম্যাচের আয়োজন করতে চেয়েছিল ইতালির এই ক্লাবটি, যে ক্লাবকে অখ্যাত থেকে বিখ্যাত বানিয়ে দিয়েছিলেন ম্যারাডোনাই। কিন্তু কর-সংক্রান্ত ঝামেলার কারণে ম্যারাডোনা ইতালিতে আসতে পারছেন না। নাপোলি অবশ্য দিনভর নানা অনুষ্ঠানে পালন করবে বিশেষ দিনটি। ওয়েবসাইট।