ম্যারাডোনার ভাগ্য নির্ধারণ আজ
দ্বিতীয় মেয়াদে আর্জেন্টিনার কোচ হিসেবে ডিয়েগো ম্যারাডোনা থাকছেন কি না তা নির্ধারিত হবে আজ মঙ্গলবার। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) নির্বাহী কমিটির বৈঠকে কোচের দায়িত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সংগঠনটির একজন মুখপাত্র।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার এএফএ প্রেসিডেন্ট হুলিও গ্রন্ডোনার সঙ্গে ম্যারাডোনার বৈঠক হয়েছে। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকে ম্যারাডোনা কোচ হিসেবে থাকবেন কি না, এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ম্যারাডোনা চান, তাঁর কোচিং স্টাফের সবাইকে রাখলেই থাকবেন তিনি। অন্যদিকে ম্যারাডোনার কোচিং স্টাফদের নিয়ে আপত্তি রয়েছে গ্রন্ডোনার।ম্যারাডোনার সঙ্গে বৈঠকের পর এএফএর মুখমাত্র আর্নেস্তো চেরকুইস বাইয়ানো গতকাল রয়টার্সকে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কাল (আজ)। কোনো চুক্তি হয়েছে কি না বলতে পারব না। তবে প্রেসিডেন্ট প্রতিবেদনের একটি খসড়া তৈরি করেছেন। এএফএ নির্বাহী কমিটির বৈঠকে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’