ম্যারাডোনার ভেরোনিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার অতলে তলিয়ে গিয়েছিলেন, মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। নেশাকে পেছনে ফেলে, মৃত্যুকে ফাঁকি দিয়ে আবার ফিরে এসেছেন দিনের আলোয়। এমন সর্বজয়ী মানুষের কি পথ চলতে নতুন কোনো অনুপ্রেরণা লাগে?লাগে। লাগে বলেই মেসি-তেভেজ-হিগুয়েইনদের মধ্যে অনুপ্রেরণা খুঁজে বেড়ান ডিয়েগো ম্যারাডোনা। এমনকি তাঁকে অনুপ্রাণিত করে নাতি বেনজামিনও। এত সব প্রেরণার মধ্যে বছর কয়েক ধরে আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনার পেছনে আছেন আরও একজন—নেপথ্য অনুপ্রেরণাদাত্রী।সব সফল পুরুষের পেছনে নাকি একজন নারী থাকেন। স্ত্রী ক্লদিয়া ভিলাফানের সঙ্গে সম্পর্কই নেই অনেক দিন হলো। তাই বলে ম্যারাডোনার জীবনে কোনো নারী থাকবে না, তা তো হয় না। এই সেদিন দক্ষিণ আফ্রিকায় বসে নিজেই জানালেন তাঁর জীবনে এখন আছেন ভেরোনিকা ওজেদা; ম্যারাডোনার নতুন বান্ধবী।কিন্তু কে এই ভেরোনিকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই মুশকিল। ম্যারাডোনা তো বটেই, তাঁর পরিবারের কোনো সদস্য সম্পর্কেই মানুষের অজানা কিছু থাকার কথা নয়। সবাইকে দিবারাত্রি অনুসরণ করে বেড়ায় ক্যামেরার চোখ। কিন্তু আশ্চর্য ব্যতিক্রম এই ভেরোনিকা। হ্যাঁ, ভদ্রমহিলার কিছু ছবি-টবি ইন্টারনেটে দেখতেও পাওয়া যায়। কিন্তু মুশকিলটা হলো, ভেরোনিকা সম্পর্কে খুব বেশি তথ্য জানার কোনো উপায় নেই। এটুকু জানা গেছে, ভদ্রমহিলা আর্জেন্টিনারই মানুষ। পেশায় সম্ভবত শিক্ষক।ম্যারাডোনা নিজে অবশ্য ভেরোনিকার একটা বর্ণনা দিয়েছেন—স্বর্ণকেশী, ৩১ বছর বয়সী এবং আর্জেন্টিনা কোচের চোখে দারুণ সুন্দরী। সে না হয় বোঝা গেল। কিন্তু ভদ্রমহিলা সম্পর্কে বাড়তি আর কিছু যে জানা গেল না।দরকারই বা কী? তিনি ম্যারাডোনার প্রেমিকা, এই তথ্যটাই তো যথেষ্ট! লোকেরা বলে, একটা বিয়ের অনুষ্ঠানেই নাকি প্রথম দেখা দুজনের। প্রথম দেখাতেই প্রেম। প্রেমটা এখন এতই গাঢ় হয়ে গেছে যে দেখে মুগ্ধ হয়ে গেছেন হুগো শাভেজ।ম্যারাডোনার বিখ্যাত বন্ধুদের একজন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শাভেজের ভাষ্য অনুযায়ী, ম্যারাডোনা-ভেরোনিকা জুটির চোখেমুখে নাকি প্রেম খেলে বেড়ায়! শাভেজই আশা করছেন, ভবিষ্যতে এই জুটি বিয়েও করে ফেলবে।ভেরোনিকাকে যাঁরা কাছ থেকে দেখেছেন, সে রকম সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, ভদ্রমহিলা ম্যারাডোনার উপযুক্ত সঙ্গিনী। ম্যারাডোনার মতো খেপাটে, আবেগপ্রবণ, অগোছালো মানুষের পেছনে ঠিক যেমন সমঝদার, সামলে চলা মানুষ দরকার; তেমনই নাকি ভেরোনিকার চরিত্র। সাংবাদিকেরাও শাভেজের মতো এই জুটিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। সবারই অনুমান, কিছুদিনের মধ্যে বিয়েও করে ফেলবেন ম্যারাডোনা-ভেরোনিকা।বিয়ে করবেন কি না, সেটা পরের কথা। সংবাদমাধ্যমের দাবি, এরই মধ্যে মা হওয়ার কথা ছিল ভেরোনিকার। এই বিশ্বকাপের সময়ই দুনিয়ায় আসার কথা ছিল ম্যারাডোনার আরেক সন্তানের। কিন্তু একটা দুর্ঘটনায় সে সন্তান আলোর মুখ দেখেনি।বিশ্বকাপজয়ী ম্যারাডোনার মতো আবেগপ্রবণ মানুষের জন্য এটা নিশ্চয়ই বিরাট দুঃখের খবর। আপাতত অবশ্য শোক করার সময়ও পাচ্ছেন না ম্যারাডোনা। নিরন্তর ছুটতে হচ্ছে তাঁকে আরেকটা বিশ্বকাপের সন্ধানে।একদিন যে বিশ্বকাপ থেকে অপমাণিত হয়ে, অভিযোগের বোঝা কাঁধে নিয়ে বিদায় নিয়েছিলেন; এখন সেই বিশ্বকাপে ফিরে এসেছেন সম্মানটা ফেরাতে। ফিরে এসেছেন আরেকবার ট্রফিটা ছুঁয়ে দেখতে। মেসি-আগুয়েরোরা বিশ্বকাপ ট্রফিটা তাঁর হাতে এনে দিতে পারলে দুনিয়ার সব শোক পেছনে ফেলে দিতে পারার কথা ম্যারাডোনার!