ম্যারাডোনার মরিনহো মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো সম্পর্কে তাঁর মুগ্ধতা নতুন কিছু নয়। বরাবরই তিনি ‘স্পেশাল ওয়ান’-এর গুণমুগ্ধ। নতুন হলো মরিনহো সম্পর্কে বলা ডিয়েগো ম্যারাডোনার কথাটাই। আর্জেন্টাইন কিংবদন্তি বলছেন, চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য বুভুক্ষুর মতো চেয়ে থাকা রিয়াল মাদ্রিদের অপেক্ষার অবসান হবে মরিনহোর হাতেই।ইন্টার মিলানের টাটকা উদাহরণ টেনে ম্যারাডোনা বলেছেন, ‘ও অবশ্যই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেবে। ও খেলোয়াড়দের কাছ থেকে কী চায়, সেটা বুঝে ওঠার জন্য মরিনহোকে সময় দিতে হবে। ইন্টার মিলান সেটাই করেছিল। তাতেই ইতালিয়ান ক্লাবটিকে মরিনহো ৫০ বছর পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছে। ওর ওপর আস্থা রাখলে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই রিয়াল মাদ্রিদকেও ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেবে।’হুট করে মরিনহোকে নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। দুই দফায় স্প্যানিশ লিগে খেলে যাওয়া ম্যারাডোনা দেশটিতে শুভেচ্ছা সফর করছেন। এক ফাঁকে পরশু গিয়েছিলেন রিয়ালের অনুশীলন দেখতে। সেই অনুশীলন চলার সময়ই মরিনহোর সঙ্গে বেশ কয়েক মিনিট কথাও হয়েছে তাঁর। এর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিয়ালের আট বছরের চ্যাম্পিয়নস লিগ বন্ধ্যাত্ব ঘুচিয়ে দেওয়ার আশাবাদ শুনিয়েছেন। এএফপি, ওয়েবসাইট।সত্যি বলতে কি, চ্যাম্পিয়নস লিগ ‘স্পেশালিস্ট’ মরিনহোকে এ জন্যই এবার দলে ভিড়িয়েছে রিয়াল। রেকর্ড নয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের আবারও সেই হূতগৌরব ফিরিয়ে আনার যোগ্য কাণ্ডারি এই পর্তুগিজ কোচই। ভিন্ন দুই ক্লাবের হয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়া ইতিহাসের ত্রিমাত্র কোচের একজন তো তিনিই।অবশ্য মরিনহোর কর্মপন্থা, রণকৌশল, রক্ষণশীলতা নিয়ে অনেকেরই সমালোচনা আছে। যদিও ম্যারাডোনা তুড়ি মেরে বলছেন, ‘মরিনহো সব সমালোচনার ঊর্ধ্বে। ওর কর্মপদ্ধতি তো দুর্দান্ত। ও খেলোয়াড়দের উপভোগ করার জন্য ছেড়ে দেয়, আবার ঠিক সময়ে লাগাম ঠিকই টেনে ধরে।’ মরিনহো আসার পর রিয়ালের আবহও পাল্টে গেছে বলে মনে করেন ম্যারাডোনা, ‘ও দলের মধ্যে অন্যরকম একটা সৌহার্দ্য গড়ে তুলেছে। অনুশীলন দেখে বুঝলাম, দলের প্রত্যেকেই মাঠে নামতে ব্যাকুল। একাদশে জায়গা পাওয়ার এই যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা, সেটা মরিনহোই তৈরি করেছে।’নিজের সাবেক দল বার্সেলোনার বর্তমান কোচ সম্পর্কেও দেখা যাচ্ছে ম্যারাডোনা যথেষ্ট মুগ্ধ। মরিনহো আর পেপ গার্দিওলাকে বিশ্বের সেরা কোচদের তালিকাতেই রাখছেন তিনি, ‘মরিনহো আর পেপ বিশ্বের সেরা দু-তিনজনদের মধ্যে থাকবে। ওদের দুজনের ক্যারিয়ারই অবিশ্বাস্য।’ তবে মরিনহোকে বোধ হয় এগিয়েই রাখছেন তাঁর বন্ধু, ‘ইতালিতে ওর সঙ্গে দেখা হওয়ার পর থেকেই দারুণ বন্ধুত্ব হয়েছে। খেলোয়াড় আর রণকৌশলের ব্যাপারে ও আমার কাছে অনেক খোলামেলা কথা বলে।’ কদিন পরেই এল ক্লাসিকো। তা ম্যারাডোনা কোন দলকে সমর্থন দেবেন? বরাবরই সোজাসাপ্টা কথা বলে অভ্যস্ত ম্যারাডোনাকেও দেখা যাচ্ছে রিয়াল-বার্সা দ্বৈরথ বানিয়ে দিচ্ছে কূটনীতিবিদ, ‘বার্সেলোনা দারুণ খেলছে। মরিনহোর দলও নিখুঁত। ম্যাচটা দুুর্দান্তই হবে। যারা বেশি আক্রমণাত্মক খেলবে, আমার মনে হয় তারাই জিতবে।’