ম্যারাডোনার মরিনহো-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ ও মাঠের বাইরে মরিনহোর এখন দুঃসময়। মাঠে একের পর এক বাজে পারফরম্যান্সে মৌসুমের অর্ধেক না যেতেই বলতে গেলে লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ। পাল্লা দিয়ে চলছে সমালোচনা। এরই মধ্যে রিয়াল কোচ মালাগার বিপক্ষে গত ম্যাচে মাদ্রিদের ‘ঘরের ছেলে’ ইকার ক্যাসিয়াসকে একাদশ থেকে বাদ দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন। গত ১০ বছরে একাদশ থেকে ক্যাসিয়াসের প্রথম বাদ পড়ার ঘটনা এটি। মরিনহোর এই ‘ধৃষ্টতায়’ মাদ্রিদজুড়ে সমালোচনার ঝড়। মাদ্রিদে মরিনহোর দিন শেষ বলেও মনে করছেন অনেকে। তবে কঠিন এই সময়ে রিয়াল কোচকে প্রশংসায় ভাসালেন ফুটবলেরই অন্যতম শ্রেষ্ঠ সন্তান ডিয়েগো ম্যারাডোনা।বললেন, মরিনহো বিশ্বের অন্যতম সেরা কোচ। মরিনহোর কোচিং-দর্শনে আর্জেন্টাইন কিংবদন্তি বরাবরই মুগ্ধ। সাবেক চেলসি কোচের প্রশংসা ম্যারাডোনা আগেও করেছেন। তবে এবারের প্রশংসাটুকু মরিনহোর জন্য অন্য রকম। সপ্তম আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন উপলক্ষে দুবাইয়ে বসেছে বিশ্বের ফুটবল রথী-মহারথীদের মিলনমেলা। পরশু অধিবেশনের প্রথম দিনের শেষ সেশনে পাশাপাশি বসে নিজেদের বন্ধুত্বটা ঝালাই করে নিয়েছেন ম্যারাডোনা-মরিনহো। সেখানেই আর্জেন্টিনার সাবেক অধিনায়ক এবং কোচ বলেছেন, ‘তার অর্জনই জোর গলায় তার সামর্থ্যের কথা বলছে। আমি তার কোচিং দেখেছি। কোচ হিসেবে তার আসন শীর্ষ পর্যায়ে। সে দলের প্রথম থেকে শেষ, প্রতিটি খেলোয়াড়ের প্রতি প্রচণ্ড মনোযোগী থাকে।’ম্যারাডোনার মতো একজনের কাছ থেকে প্রশংসা পাওয়াটা অবশ্যই বড় ব্যাপার। তবে মরিনহোর নিজেরও নিজের প্রতি খুবই আস্থা। বাইরে যত সমালোচনাই হোক, রিয়ালের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে মরিনহো আস্থাশীল। বলছেন ক্যাসিয়াস-বিতর্ক তাঁর কাজের পথে কোনো বাধাই হয়ে দাঁড়াবে না, ‘হয়তো সপ্তাহটি খুব বাজে কেটেছে। কিন্তু এটা ছিল অসাধারণ। ফুটবলে অনেক পরিবর্তন আসছে। কিন্তু একটা বিষয় অপরিবর্তিত, দলটা কোচরাই বাছাই করে।’আল ওয়াসলের চাকরি হারানোর পর থেকে বেকার ঘুরে বেড়ানো ম্যারাডোনা স্বপ্ন দেখছেন একদিন তাঁর সাবেক ক্লাব নাপোলির কোচ হবেন। খেলোয়াড়ি জীবনের সুবর্ণ সময়টা কাটিয়েছেন নাপোলিতে। ইতালির অখ্যাত ওই ক্লাবটি বিখ্যাত হয়েছে তাঁর কারণেই। ওয়েবসাইট।