ম্যারাডোনার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন একটা কিছু হবে, পূর্বাভাস মিলছিলই। বেশ কিছুদিন ধরে স্বভাবসুলভ ভঙ্গিতে রেফারিদের পিণ্ডি চটকাচ্ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। অবশেষে তাঁর ধৈর্যের বাঁধ একেবারেই ভেঙে গেল। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) লিগের গত ম্যাচে আল আইনের কাছে ২-০ গোলে আল ওয়াসল হারলে ম্যারাডোনা আর নিজেকে সামলাতে পারেননি। ওই পরাজয়ে লিগে দুই থেকে পাঁচে নেমে গেছে ম্যারাডোনার দল, এ কারণেই হয়তো ওই অবস্থা। গোদের ওপর বিষফোঁড়া হয়ে এসেছে ম্যারাডোনার শাস্তি। আল ওয়াসলের হয়ে পরের তিনটি ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না আর্জেন্টাইন কিংবদন্তি। ২ হাজার ৭০০ ডলার আক্কেল সেলামিও গুনতে হবে তাঁকে।আল আইনের কোচ কসমিন ওলারোইউয়ের সঙ্গে তর্কযুদ্ধে নেমে অশোভন আচরণ করেছেন ম্যারাডোনা। এরই শাস্তি দিয়েছে ইউএইএফএ ডিসিপ্লিনারি কমিটি। লঘু শাস্তি পেয়েছেন আল আইন কোচও।বেশ কিছুদিন ধরেই একটা ‘ষড়যন্ত্রতত্ত্ব’ দিয়ে আসছিলেন ম্যারাডোনা। তিনি থাকবেন, আর তাঁকে নিয়ে ষড়যন্ত্র হবে না, এ তো হতেই পারে না! যেখানেই যান, আর্জেন্টাইন কিংবদন্তি খুঁজে পান ষড়যন্ত্রের গন্ধ। এবার পেয়েছেন ইউএই লিগেও। গত ম্যাচের আগেই ম্যারাডোনার অভিযোগ ছিল, তাঁর ও আল ওয়াসলের বিরুদ্ধে এককাট্টা হয়েছেন রেফারিরা, ‘মনে হচ্ছে, আমাদের বিরুদ্ধে কেউ কেউ ষড়যন্ত্র করছে, বিশেষ করে রেফারিরা। এখানে যে মানের রেফারিং হয়, সেটা মেনে নেওয়া যায় না।’মূল সমস্যা শুরু ৩ ডিসেম্বর। আল শাহাবের সঙ্গে খেলার পর ইউএইএফএ ডিসিপ্লিনারি কমিটি আল ওয়াসলের এক খেলোয়াড়কে নিষিদ্ধ করেছিল। এরও আগে এমিরেটস কাপে আল আইনের সঙ্গেই ম্যাচে রেফারি আবদুল্লাহ আল জাবির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন ম্যারাডোনা। আল জাজিরার সঙ্গে ১-০ গোলে হেরে যাওয়ার পুরো দোষও রেফারিদের ওপর চাপিয়ে দেন আল ওয়াসলের কোচ। ওয়েবসাইট।