ম্যারাডোনার সমালোচনায় ভেরন!
ম্যারাডোনাকে কোচ হিসেবে রাখার পক্ষে জনমত বাড়ছে। এই কিংবদন্তিকে দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে রাখার দাবি যখন জোরালো হচ্ছে, তখন উল্টো পথে হাঁটলেন সেবাস্তিয়ান ভেরন। বিশ্বকাপের এক মাস পর নীরবতা ভেঙে ম্যারাডোনার কড়া সমালোচনা করলেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। খবর বুয়েনেস এইরেস হেরাল্ড।বিশ্বকাপে আর্জেন্টিনার মূল একাদশে ছিলেন না ভেরন। এ নিয়ে ক্ষোভ থাকলেও এত দিন কোনো কথা বলেননি তিনি। তবে নীরবতা ভেঙে গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষুব্ধ ভেরন বলেন, ‘ম্যারাডোনা একসময় আমাকে আর্জেন্টিনার জাভি (স্পেনের জাভি হার্নান্দেজ) বানাতে চেয়েছিলেন, আর্জেন্টিনার প্লেমেকার বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন। অথচ বিশ্বকাপে তিনি আমাকে সুযোগই দিলেন না। ম্যারাডোনার এ সিদ্ধান্ত আমাকে কষ্ট দিয়েছে।’ভেরনের অভিযোগ, ফুটবলারদের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতেন ম্যারাডোনা। নিজের ইচ্ছামতো ফুটবলারদের খেলাতেন তিনি। ম্যারাডোনার কৌশলের কারণে মেসিকেও সমস্যায় পড়তে হয়েছে উল্লেখ করে ভেরন বলেন, ‘মিডফিল্ডে গিয়ে বল নেওয়ায় অভ্যস্ত নয় মেসি। প্রতিপক্ষের অনেকেই তার ওপর নজর রাখে বলে মেসির পক্ষে একা ৫০ মিটার বল নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। অথচ এ কঠিন কাজটিই তাকে করানোর চেষ্টা করেছেন ম্যারাডোনা। মেসির চোখে-মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল।’ এরপর ভেরন যোগ করেন, ‘মেসি কখনোই ম্যারাডোনা হতে চায়নি। সে নিজের মতো করে খেলতে চায়। তার অন্যের সহায়তা দরকার। কিন্তু কখনো সে সহায়তা মেসি পেয়েছে, কখনো পায়নি।’দাবি উঠেছে, কিংবদন্তি ম্যারাডোনাকে কোচ হিসেবে রাখার। তবে আবেগের বশীভূত হয়ে নয়, যোগ্যতা অনুসারেই নতুন কোচ নিয়োগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভেরন। পরোক্ষভাবে ম্যারাডোনাকে কোচ হিসেবে রাখার বিরোধিতা করে ভেরন বলেন, ‘আর্জেন্টিনার মতো দলের কোচ একজন যোগ্য লোককেই দেওয়া উচিত। ১৯৭৮ বা ১৯৮৬ সালের বিশ্বকাপে কে কেমন খেলেছেন তার বিচারে কোচ নিয়োগ করা কি হবে না।’