ম্যারাডোনার সিদ্ধান্ত আগামী সপ্তাহে
ব্রাজিল বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে ম্যারাডোনাকে থাকার প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার এই কোচ এখনো নিজের সিদ্ধান্তের কথা জানাননি। তবে আগামী সপ্তাহে নিজের ভবিষ্যতের সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার জনপ্রিয় দৈনিক বুয়েন্স আয়ার্স হেরাল্ড এই খবর জানিয়েছে।আজ বুধবার ম্যারাডোনার সঙ্গে বৈঠক করার কথা ছিল আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) প্রধান হুলিও গ্রন্ডোনার। আরও চার বছর কোচের দায়িত্বে ম্যারাডোনা থাকবেন কি না সেখানেই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে দেখা করতে ভেনেজুয়েলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বাতিল হয়ে গেছে সেই বৈঠক। তবে গ্রন্ডোনা জানিয়েছেন, আগামী সপ্তাহেই নিজের সিদ্ধান্তের কথা জানাবেন ম্যারাডোনা।বুয়েন্স আয়ার্স হেরাল্ডে প্রকাশিত খবর থেকে জানা যায়, ম্যারাডোনার কোচ হিসেবে থাকার বিষয়টির সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। এএফএ সুনির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দিতে পারে। আবার বোর্ডের অনেক সদস্যও দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে ম্যারাডোনাকে চান না। তবে সবকিছু নির্ভর করছে ম্যারাডোনার ওপরই।