ম্যারাডোনার সেই দুল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনার তোপে প্রায়ই থরহরি কম্পমান দশা হয় খোদ ফিফারও! সেই ম্যারাডোনার কাছ থেকে গত সেপ্টেম্বরে এক রকম জোর করেই তাঁর প্রিয় কানের দুলজোড়া খুলে নিয়ে গিয়েছিল ইতালির দুঁদে কর কর্মকর্তারা। অভিজ্ঞতাটা অবশ্য আর্জেন্টাইন কিংবদন্তির জন্য নতুন নয়। ২০০৬ সালেও একবার ম্যারাডোনার দুটো হাতঘড়ি খুলে নিয়ে গিয়েছিল তারা। অভিযোগ, ম্যারাডোনা ইতালিতে খেলার জন্য যা আয় করেছেন, সেটার কর পরিশোধ করেননি।সুদে আসলে বাড়তে বাড়তে সেই কর এখন গিয়ে পৌঁছেছে ৩ কোটি ৬০ লাখ ইউরোতে, যার সুদের পরিমাণই ২ কোটি ২৪ লাখ ইউরো। এর মধ্যে দুটো ঘড়ি থেকে ১১ হাজার আর কানের দুলজোড়া বাবদ ৪ হাজার—মোট ১৫ হাজার ইউরো ম্যারাডোনার কাছ থেকে আদায় করা গেছে। প্রাপ্য অর্থের তুলনায় যা নেহাতই নস্যি।করের টাকা উসুল করতে তাই ভালো একটা উপায় খুঁজে পেয়েছে ইতালির কর বিভাগ। ম্যারাডোনা মানে এখনো বিশ্বজুড়ে উন্মাদনা। আর সেই উন্মাদনাকে কাজে লাগিয়ে ম্যারাডোনার দুলজোড়া তোলা হচ্ছে নিলামে। ১৪ জানুয়ারির ওই নিলামে সর্বোচ্চ দরদাতাকে দুলজোড়া তো দেওয়া হবেই, বোনাস হিসেবে মিলবে ম্যারাডোনার সই করা পুলিশের একটি অভিযোগপত্র।কাহিনির শেষ নয় এখানেই। হলে সেটা ম্যারাডোনার গল্প হবে কেন? যাদের হয়ে খেলতে গিয়ে এখনো এই বিড়ম্বনার শিকার, সেই নাপোলির ভক্তরা এগিয়ে এসেছে ঋণ শোধ করতে। বার্সেলোনার মতো ক্লাব ছেড়ে ১৯৮৪ সালে এসেছিলেন অখ্যাত নাপোলিতে। এখানে খেলেছেন ১৯৯১ সাল পর্যন্ত। ম্যারাডোনা নামের পরশ পাথরের ছোঁয়ায় বদলে গিয়েছিল ক্লাবটি। ১৯৮৭ আর ১৯৯০ সালে জিতেছিল লিগ শিরোপা। ১৯৮৭ সালে জিতেছিল কোপা ইতালিয়াও। ১৯৮৯ সালে উয়েফা কাপ আর ১৯৯০ সালে ইতালিয়ান সুপার কাপ।তারই প্রতিদান দিতে নাপোলি সমর্থকেরা এবার পরিকল্পনা করেছে ম্যারাডোনার দুলজোড়া নিলামে কিনে নিতে। ক্লাব সমর্থকদের ওয়েবসাইটে আহ্বান জানানো হয়েছে, সবাই যেন এগিয়ে এসে যার যা সামর্থ্য সে অনুযায়ী টাকা দান করে। সেই টাকা দিয়েই নিলামে ঝাঁপাবে নাপোলি সমর্থকেরা। দুলজোড়া কিনে নিয়ে উপহার দেবে ম্যারাডোনাকে!