ম্যারাডোনার ‘অর্ধেক’ বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেকেন্ড, মিনিট আর ঘণ্টা মেপে ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিকে। ডিয়েগো ম্যারাডোনাকেও এখন বিশাল বহরকে কেটেছেঁটে ছোট করতে বসে পড়তে হচ্ছে। কঠিন কাজটি নাকি এরই মধ্যে শুরু করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ। জার্মানির বিপক্ষে আগামী মার্চের প্রীতি ম্যাচের দল ঘোষণা করার সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দিয়েছেন এই তথ্য।প্রায় এক বছর চার মাস হলো ম্যারাডোনা আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছেন। এর মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে এক শর বেশি খেলোয়াড় দলে ডেকেছেন। এ নিয়ে সমালোচনাও হয়েছে খুব। কিন্তু ম্যারাডোনা দমে যাননি, তিনি কাজ করে গেছেন তাঁর নিজের মতো করে। এই যেমন জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচেও ইন্টার মিলান ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েলকে ডেকে হইচই ফেলে দিয়েছেন। তবে এসব হইচই আর সমালোচনাকে চাপা দিয়ে এবার বিশ্বকাপের সেরা ২৩ বাছতে ব্যস্ত ম্যারাডোনা। প্রায় অর্ধেক খেলোয়াড় নাকি ঠিক করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ। ম্যারাডোনা বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা যাবে এমন অর্ধেক খেলোয়াড় ঠিক করে ফেলেছি। এদের সঙ্গে ফোনেও আমি কথা বলেছি।’জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচটি আসলে বিশ্বকাপের প্রস্তুতি। এই ম্যাচ খেলার দুই মাস পরই বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে। বাকি অর্ধেক খেলোয়াড় তাহলে নির্বাচন করবেন কবে? জার্মানির ম্যাচটি দেখেই নাকি সেই কাজটাও করে ফেলবেন ম্যারাডোনা, ‘জার্মানির বিপক্ষে ম্যাচটি অনেকের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের পরই আমি পুরো দল ঠিক করে ফেলব।’জার্মানির বিপক্ষে ম্যাচটিকেও পরীক্ষা-নিরীক্ষার উপলক্ষ হিসেবে দেখছেন ম্যারাডোনা। এ ম্যাচে ইন্টার মিলান ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েলকে দলে রাখা সেই পরিকল্পনারই অংশ। এ ব্যাপারে অবশ্য একটি ব্যাখ্যাও দিয়েছেন আর্জেন্টিনার কোচ, ‘মাঠের চেয়ে স্ট্রেচারেই বেশি সময় কাটাচ্ছিল স্যামুয়েল। আমরা ওকে সেরে ওঠার সময় দিয়েছি। ও সেরে উঠেছে এবং এখন সুযোগ দিয়েছি।’ ওয়েবসাইট।