ম্যারাডোনার ‘গেমপ্লান’ অনিশ্চিত
কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে বেশ সতর্ক ডিয়েগো ম্যারাডোনা। জার্মানির বিপক্ষে লড়াইয়ের আর্জেন্টিনার ‘গেমপ্লান’ কেমন হবে তা অনিশ্চিত। আগের মতো আক্রমণাত্মক নাকি রক্ষণাত্মক- কেপটাউনে কাদের খেলাবেন, কীভাবে খেলাবেন—তা এখনো ঠিক করেননি আর্জেন্টিনার কোচ।চার বছর আগে জার্মান বিশ্বকাপের কথা মনে আছে? ২০০৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই পেনাল্টিতে আর্জেন্টিনাকে হারিয়েছিল জার্মানি। ম্যাচ শেষে সংঘর্ষেও জড়িয়ে পড়েন দুই দলের কোচ, খেলোয়াড়েরা। তবে এবার যেন সেই প্রতিশোধ নেওয়ার পালা আর্জেন্টিনার। মেসি-হিগুয়েইনদের দাপটে আর্জেন্টিনা যেভাবে এগিয়ে চলেছে, তাতে জার্মানদের বিদায় করে চার বছর আগের প্রতিশোধটা নিতেই পারে ম্যারাডোনার দল।আর্জেন্টিনার জনপ্রিয় দৈনিক বুয়েন্স আয়ার্স হেরাল্ড জানিয়েছে, প্রতিপক্ষ জার্মানির মতো দল বলে আগের মতো করে ফুটবলারদের খেলাবেন না ম্যারাডোনা। দলে বেশ কয়েকটি জায়গায় পরিবর্তনও আনা হতে পারে। প্রত্যাশামতো খেলতে পারেননি ডি মারিয়া। তাঁকে সরিয়ে রক্ষণভাগের শক্তি বাড়াতে পারে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে গত ম্যাচে দুটি গোল করলেও কপাল পুড়তে পারে কার্লোস তেভেজের। জার্মান আক্রমণ ঠেকাতে রক্ষণনির্ভর ৪-৪-২ গঠনের দল সাজাতে পারেন ম্যারাডোনা। সে ক্ষেত্রে গুয়েতিরেজ ও ভেরন ফিরলেও দর্শক হয়ে থাকতে হবে তেভেজকে।পত্রিকাটি জানিয়েছে, মারিয়ার বদলে খেলতে পারেন গুয়েতিরেজ। আর রক্ষণভাগে মাচেরানোর সঙ্গে থাকবেন ভেরন। মার্টিন ডেমিচেলিসকে সরিয়ে আনা হতে পারে ওয়াল্টার স্যামুয়েলকে। তবে ডেমিচেলিসকে সরালে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও রয়েছে। কারণ জার্মান বুন্দেসলিগায় মিরোস্লাভ ক্লোসা, লোকাস পুডলস্কিদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালের আগে দল ও দলের কৌশল নিয়ে দ্বিধান্বিত ম্যারাডোনা। তবে সময় না হয় একটু বেশিই নিচ্ছেন, বাড়তি সতর্কতা নিয়ে চার বছর আগের প্রতিশোধটা নিতে পারলে সেটাই তো ভালো!