ম্যারাডোনার ‘তদবির’!
স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছেন সার্জিও অ্যাগুয়েরো। কিন্তু শ্বশুর ডিয়েগো ম্যারাডোনার ইচ্ছা ছিল জামাই নাম লেখাবেন রিয়াল মাদ্রিদে। গতকাল মঙ্গলবার ম্যারাডোনা নিজেই জামাতার ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন।ম্যারাডোনা বলেছেন, অ্যাগুয়েরো রিয়ালে খেললে বার্সেলোনার সঙ্গে মাদ্রিদ জায়ান্টের দলীয় শক্তিমত্তার ব্যবধান অনেকটাই কমে আসত।‘সত্যি বলতে কি, আমি রিয়াল মাদ্রিদকে পরামর্শ দিয়েছিলাম সার্জিও অ্যাগুয়েরোকে দলভুক্ত করতে।’—বলেছেন আর্জেন্টাইন ফুটবল গ্রেট। তাঁর মতে, ‘অ্যাগুয়েরো যে মানের ফুটবলার, তাতে সে খুব সহজেই রিয়ালের মতো দলের সঙ্গে মানিয়ে নিত।’ ‘অ্যাগুয়েরোকে নিলে বার্সেলোনার সঙ্গে রিয়ালের দলীয় শক্তিমত্তার পার্থক্যটাও অনেক কমে যেত।’ ম্যারাডোনার মন্তব্য।ম্যারাডোনা আক্ষেপ করে বলেন, অ্যাগুয়েরোকে সই না করানোটা রিয়ালের জন্য একটি বিরাট ক্ষতি। তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে এ ব্যাপারে ভাগ্যবান হিসেবেই অভিহিত করেছেন। বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি খুবই ভাগ্যবান। কারণ, ম্যান সিটির পক্ষে খেলতে নেমে অ্যাগুয়েরো প্রমাণ করে দিচ্ছে, সে কোন জাতের খেলোয়াড়।’অ্যাগুয়েরো ম্যানচেস্টার সিটির হয়ে পাঁচটি ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ইতিমধ্যেই আটবার বল ফেলেছেন। এপি।