ম্যারাডোনার ‘বলবয়ে’র প্রতিজ্ঞা
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও বিশ্ব ফুটবলের এক পরাশক্তির কোচ কিনা সংবাদ সম্মেলন করবেন নাম না জানা এক ছোকরার পাশে বসে! যথেষ্টই আঁতে ঘা লেগেছিল ডিয়েগো ম্যারাডোনার, ‘একজন বলবয়ের পাশে বসতে রাজি নই’ বলে ঝড়ের বেগে বেরিয়ে গিয়েছিলেন সংবাদ সম্মেলন কক্ষ থেকে। সেই বলবয় বের না হয়ে যাওয়া পর্যন্ত আর সত্যি সত্যিই ফেরেননি।খুব বেশিদিন আগের নয়, এই তো গত মার্চের ঘটনা। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মিউনিখ গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জার্মানি পাঠিয়েছিল ওই ম্যাচেই অভিষিক্ত এক তরুণকে। জার্মানিতে তিনি সবচেয়ে প্রতিশ্রুতিশীল ফুটবলার, কিন্তু ম্যারাডোনার কাছে তো সেদিনের এক ছোকরাই, ম্যারাডোনা খেলা ছাড়ার সময় যাঁর বয়স ছিল মোটে পাঁচ!সেদিনের ‘বলবয়’ টমাস মুলার এরই মধ্যে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের বড় এক তারকা। ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই জিতেছেন দুটি শিরোপা, রানার্সআপ হয়েছেন চ্যাম্পিয়নস লিগে। ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বিশ্বকাপেও খেলেছেন দুর্দান্ত। টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কারে তিনি হট ফেবারিট, আছেন গোল্ডেন বুট, গোল্ডেন বলের লড়াইয়েও। এই মুহূর্তে কোচ ম্যারাডোনার শিরোপা-স্বপ্নে সবচেয়ে বড় বাধা বলা যায় মুলারকেই। ম্যারাডোনার সেই ‘বলবয়’ টমাস মুলার জানিয়ে দিয়েছেন এমন কিছু তিনি করবেন, যেন ম্যারাডোনা তাঁকে সারা জীবন মনে রাখেন! আগামী কালই শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে মুলারের জার্মানি ও ম্যারাডোনার আর্জেন্টিনা। ম্যারাডোনার প্রতি শ্রদ্ধারও অভাব নেই মুলারের। সেরা সময়ের ম্যারাডোনার খেলা দেখার সুয়োগ হয়নি তাঁর, তবে ২০০০ সালে সাবেক জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউসের বিদায়ী ম্যাচে খেলা ম্যারাডোনার খেলা দেখেছিলেন মুলার। ওজন বাড়তে বাড়তে বেঢপ আকৃতি ধারণ করা সে সময়ের ম্যারাডোনার খেলাও মুগ্ধ করেছিল ১১ বছরের মুলারকে, ‘তিনি তখন ছিলেন ভীষণ স্থূলকায়, তার পরও বল পায়ে অদ্ভুত কিছু জাদু দেখিয়েছিলেন। ও রকম কিছু আমি জীবনে খুব কমই দেখেছি।’ শুধু খেলোয়াড় ম্যারাডোনা নয়, মুলারের কাছে লেটার মার্কস পাচ্ছেন কোচ ম্যারাডোনাও, ‘কোচ ম্যারাডোনাকে নিয়ে আমি ঠিক কথা বলতে পারি না, তবে ফলাফল ও আর্জেন্টিনার জেতার ধরনই বলে দিচ্ছে তিনি সবকিছুই ঠিকঠাকমতো করছেন।’গত বিশ্বকাপের মতো এবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে জার্মানি। এই চার বছরে বদলে গেছে মুলারের জীবনটাও। চার বছর আগে মিউনিখের রাস্তায় বন্ধুদের সঙ্গে দলের জয় দেখেছিলেন যে ছেলেটি, তিনিই আজ দলের বড় ভরসা। মুলারের অবশ্য বেশি মনে পড়ছে ওই ম্যাচ শেষে দুই দলের মারামারির ঘটনা। এবারও যদি এমন কিছু হয়? মুলার কিন্তু মজাই পাচ্ছেন, ‘আমাদের চটে গেলে চলবে না। অবশ্য আমরা জিতে গেলে মারামারি করতে খারাপ লাগবে না!’ এএফপি।