ম্যারাডোনার ‘মা’
অতি দুষ্টু হলে যা হয়, সন্তানের পেছনে হরদম ছুটতে ছুটতে মায়েদের কালঘাম ছুটে যায়। হয়তো বলেন, ‘এটা খেয়ো না, ওটা কোরো না, ওটা পড়ো!’ তেমনটাই নাকাল হচ্ছেন ‘দুষ্টু বালক’ ডিয়েগো ম্যারাডোনার ‘মা’ দালমা। দক্ষিণ আফ্রিকায় বাবার পাশেই আছেন ম্যারাডোনার বড় মেয়ে। ছোটজন, সার্জিও আগুয়েরোর জীবনসঙ্গী জিয়ান্নিনা এখনো পৌঁছাননি। তবে ২০০৬ বিশ্বকাপের মতো, এবারও মাঠে বসেই খেলা দেখতে চান দুজনই। বাবাকে আর আগের মতো গ্যালারিতে পাওয়া হবে না। বাবা যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কঠিনতম দায়িত্ব পালনে ব্যস্ত। তবে দূর থেকেই যতটা সম্ভব বাবার দেখভাল করছেন দালমা। বাবাটা যে বড্ড খামখেয়ালি। ফুটবলে ডুবে গেলে নাওয়া-খাওয়ার কথা একেবারেই ভুলে যান। ওয়েবসাইট।সন্তানের মতোই বাবার দেখাশোনা করতে হচ্ছে দালমাকে। বাবাকে কিছুটা ‘মানুষ’ করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। বাবা যেমন হুটহাট করে যেমন-তেমন পোশাক পরে লোকসম্মুখে হাজির হন, সেটিও পছন্দ হচ্ছে না তাঁর। বাবাকে তাই বলেছিলেন, অন্তত একটা স্যুট পরো। কিন্তু কে শোনে কার কথা! ম্যারাডোনা নাকি দলের ট্র্যাকস্যুটেই স্বচ্ছন্দ। দালমাকেই বা কে বোঝাবে, স্যুট পরে কোচ অনুশীলন করাচ্ছেন, দৃশ্যটাও খুব একটা দৃষ্টিসুখকর নয়। ম্যারাডোনা কেন হঠাৎ করে শ্মশ্রুমণ্ডিত হয়ে গেলেন, সেটারও কারণ এত দিনে জানা গেল দালমার কাছ থেকে, ‘এর মধ্যেই বাবার ওজন ১৫ কেজি কমে গেছে এবং খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত দৌড়ঝাঁপও দিচ্ছেন। তবে বজ্জাত একটা কুকুর গালে আঁচড় কেটেছিল বলেই দাঁড়ি রাখতে হচ্ছে বাবাকে।’ একা বাবার সঙ্গে পেরে উঠছেন না বলে শাসনটাকে জোরদার করতে এবার ছোট বোনকেও ডেকে পাঠিয়েছেন। আর্জেন্টিনা থেকে জিয়ান্নিনা এলে দুজন মিলে আচ্ছা করে বকে দেবেন বাবাকে। জিয়ান্নিনা আবার নাকি ফ্যাশন বিশেষজ্ঞ। ‘ফ্যাশনের ব্যাপারে আমার থেকে ও-ই বেশি জানে। তাই ওর অপেক্ষায় আছি। দেখি কী হয়’—বলেছেন দালমা।