ম্যারাডোনায় ‘ঈর্ষা’ কুইরোজের
একঝাঁক খেলোয়াড়ের মধ্য থেকে ২৩ জনের দল বাছাই করার ঝামেলা কত প্রকার ও কী কী, হাড়ে হাড়ে টের পেয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। চূড়ান্ত দল ঘোষণার পর থেকেই দেশি-বিদেশি সমালোচকদের তোপের মুখে আর্জেন্টাইন কোচ। বিশেষ করে ইন্টার মিলানের হ্যাভিয়ের জানেত্তি ও এস্তেবান ক্যাম্বিয়াসোর বাদ পড়াতেই নিন্দুকেরা বেশি চটা। নিন্দুকদের ছোড়া তীরে ম্যারাডোনার দফারফা, অথচ আর্জেন্টাইন কোচের এই দল নির্বাচন-সমস্যাকে পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ দেখছেন ঈর্ষার চোখে। এই ঝামেলাটা নাকি সাদরেই গ্রহণ করতেন তিনি, ‘আমার ওই সমস্যাটা নেই। তবে ওটা আমি পছন্দই করতাম।’ ‘সেরা ৩০ থেকে ২৩ জন বাছাই করাটা সহজ নয়। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ দলে বড় খেলোয়াড়দের জায়গা দিতে না পারাটা কোচের জন্য সমস্যা। তবে এটা ভালোও।’ যোগ করেছেন কুইরোজ। সমালোচনা প্রসঙ্গে বলেছেন, ‘বিতর্ক থাকবেই। এটা আমাদের (কোচদের) সাহায্যই করে। তবে এসবে কান না দেওয়াই ভালো।’ ওয়েবসাইট।