ম্যারাথন ম্যাচে জয়ী ‘রোবোকপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের কিছু বেশি সময় আগে প্লাস্টারে মোড়া ছিল পল-অঁরি ম্যাথুর পা। বেঞ্চে বসে মিনিট ১৫ র‌্যাকেট নাড়ানাড়িতেই সীমিত ছিল তাঁর টেনিস। এখনো পুরোপুরি ফিটনেস ফিরে পাননি। টানা দুই-আড়াই ঘণ্টার বেশি করতে পারেন না অনুশীলন। মড়ার উপর খাঁড়ার ঘা, টুর্নামেন্ট শুরুর চার দিন আগে পায়ের আঙুল ভেঙে গেল। আর এই পা নিয়েই কিনা পরশু ফ্রেঞ্চ ওপেনে খেললেন ৭৬ গেমের পাঁচ ঘণ্টা ৪১ মিনিট লম্বা এক ম্যাচ! রেকর্ডের এক ম্যাচে পরশু হারিয়ে দিলেন ‘ম্যারাথন ম্যান’ জন ইসনারকে। উঠে গেলেন তৃতীয় রাউন্ডে। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে সবচেয়ে বেশি গেমের ম্যাচ এখন এটিই।দুই বছর আগে উইম্বলডনে টেনিস ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ম্যাচটিতে জিতেছিলেন জন ইসনারই। তিন দিন ধরে চলা ১১ ঘণ্টা পাঁচ মিনিটের ম্যাচে হারিয়েছিলেন ম্যাথুর বন্ধু নিকোলাস মাহুতকে। পরশু সেই ম্যাচের স্মৃতিই ফিরিয়ে আনলেন ফ্রান্সের ম্যাথু। যুক্তরাষ্ট্রের দশম বাছাই ইসনারকে হারালেন ৬-৭, ৬-৪, ৬-৪, ৩-৬, ১৮-১৬ গেমে। বন্ধুর হয়ে প্রতিশোধ নিয়ে নিলেন। ম্যাচ শেষে মাহুতের সঙ্গে দেখা করেছেন। বন্ধুকে বলেছেন, ‘তোর হয়ে প্রতিশোধ নিয়ে নিলাম।’ তবে বন্ধু জিতলেও মাহুত হেরে গেছেন কাল। তাঁকে ৬-৩, ৪-৬, ৬-২, ৭-৫ গেমে হারালেন রজার ফেদেরার। এই জয়ে ফেদেরার পৌঁছালেন ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে।২০১১ সালের মার্চে পায়ে জটিল অস্ত্রোপচার করতে হয়েছিল ম্যাথুকে। হাঁটুর সমস্যা ঠিক করতে পা পুরোপুরি কেটে জঙ্ঘাস্থি নতুন করে সাজানো হয়েছিল। ব্যাপারটা কতটা জটিল ছিল, সেটা জানিয়েছিলেন তাঁর চিকিৎসক ক্রিস্তোফ গ্যাইলার, ‘(এই অস্ত্রোপচার থেকে) প্রতি তিনজনের একজনই আর ফিরতে পারে না। সে (ম্যাথু) একজন রোবোকপ।’১৫ মাসের দীর্ঘ বিরতির পর গত জানুয়ারিতে ফিরেছেন কোর্টে। ঘরের মাঠে ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলছেন এখন র‌্যাঙ্কিংয়ের ২৬১ নম্বর খেলোয়াড়। ম্যাচটা জিতে অবিশ্বাস্য এক অনুভূতি হয়েছে তাঁর, ‘আমি বিশ্বাসই করতে পারিনি ম্যাচটা জিতেছি। আমরা পাঁচ ঘণ্টার ওপরে খেলেছি। আমার মনে হয়েছিল, ম্যাচটা বোধ হয় শেষ হবে না।’ওটা শেষ হলেও পরশু ওই একই কোর্টে শুরু করা যায়নি মারিয়া শারাপোভার ম্যাচটি। কাল অবশ্য বিশ্বের দুই নম্বর খেলোয়াড় জাপানের আয়ুমি মোরিতাকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। দুই নম্বর জিতলেও তিন নম্বর তারকা আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা তৃতীয় রাউন্ডে হেরে গেছেন ২০০৯ সালের চ্যাম্পিয়ন সভেতলানা কুজনেৎসভার কাছে (৬-১, ৬-২)। হেরেছেন ২০০৮-এর চ্যাম্পিয়ন আনা ইভানোভিচও। এএফপি, রয়টার্স।