ম্যারাথন ম্যাচে ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ফুটবল ম্যাচ যদি হয় টানা ৩৬ ঘণ্টার, সেটি তো এমনিতেই আলোচনার বিষয়বস্তু। তার ওপর ওই ম্যাচে যদি খেলেন ডিয়েগো ম্যারাডোনা, তাহলে তো কথাই নেই। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরাতের ৪৩তম জাতীয় দিবস উপলক্ষে দুবাই পুলিশ অফিসার্স ক্লাব মাঠে ম্যারাথন এই ম্যাচের আয়োজন করেছিল দুবাই স্পোর্টস কাউন্সিল (ডিএসসি)। গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হয়ে যে ম্যাচটি চলেছে পরের দিন রাত ৯টা পর্যন্ত। ৩৬ ঘণ্টার এ ম্যাচে গোল হয়েছে মোট ৩৫২টি! ডিএসসির ক্রীড়াদূত হিসেবে এ ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণই ছিলেন ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তি বেশিক্ষণ খেলেননি। প্রথম দিন সন্ধ্যা ৭টায় জার্সি গায়ে মাঠে নেমেছিলেন, খেলেছেন রাত ৮টা পর্যন্ত। ঘণ্টা খানেকের উপস্থিতিতেই মুগ্ধ করেছেন হাজারো দর্শককে। ব্যতিক্রমী এ ম্যাচে খেলেছেন ১৯৯০ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাত দলের অনেক খেলোয়াড়ও। কেউই অবশ্য লম্বা সময় খেলেননি। মাঠে নেমেছেন, দুই দলের যেকোনো একটার হয়ে কিছুক্ষণ খেলে তারপর উঠে গেছেন। টানা দেড় দিনের এই ম্যাচে শেষ পর্যন্ত সব মিলিয়ে কতজন খেলেছেন সেটা অবশ্য বলতে পারেনি ডিএসসি। গালফ নিউজ, ইয়াহু নিউজ।