ম্যারাথন শেষেই সন্তানের ‘মা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ-ও কী সম্ভব, গর্ভে প্রায় ১০ মাস বয়সী সন্তান নিয়ে ম্যারাথনে দৌড়ানো! অবিশ্বাস্য এই ঘটনার জন্মই দিয়েছেন অ্যাম্বার মিলার। যুক্তরাষ্ট্রের ২৭ বছর বয়সী এই নারী যে শুধু ২৬.২ মাইল (৪২.১৯৫ কিমি.) প্রতিযোগিতায় দৌড়িয়েছেন তা নয়, ম্যারাথন শেষ করেই জন্ম দিয়েছেন নিজের দ্বিতীয় সন্তান!ক্রীড়াঙ্গনে কত বিচিত্র ঘটনাই না ঘটে। কিন্তু দুঃসাহসী অ্যাম্বার মিলার একটু বেশিই বিস্ময়কর ঘটনার জন্ম দিয়ে ঠাঁই নিলেন ইতিহাসের পাতায়। বিশ্বকে অবিশ্বাস্য এ ঘটনার সাক্ষী তিনি বানিয়েছেন গত রোববার শিকাগো ম্যারাথনে। সকালে যখন দৌড় শুরু করেন, তাঁর গর্ভের সন্তানের বয়স তখন ৩৯ সপ্তাহ! এই দুঃসাহসিক কাজ তিনি করেছেন চিকিৎসকের সম্মতিতেই! আর দৌড় শেষের সাত ঘণ্টা পর হয়েছেন ৭ পাউন্ড ওজনের গর্বিত কন্যা সন্তানের মা।প্রথমে অবশ্য পরিকল্পনা করেছিলেন প্রতিযোগিতার অর্ধেকটা দৌড়াবেন। কিন্তু অসম্ভবকে সম্ভব করে মিলার দৌড় শেষ করেছেন। তবে শেষের দিকে ব্যথা শুরু হয়ে যায়। বুঝতে পেরেছিলেন, কিছু একটা হতে যাচ্ছে। দৌড় শেষে দুপুরে স্বামী জোকে নিয়ে একসঙ্গে ডিনার সারেন। তার পরই সরাসরি হাসপাতালে। রাত ১০টা ২৯ মিনিটে প্রসব করেন ফুটফুটে কন্যা সন্তান।নবজাতক মেয়ের নাম রেখেছেন জুন অ্যাওদ্রা। বিস্ময়কর হলেও মিলারের জন্য এটা নতুন ঘটনা নয়। প্রথম সন্তানের জন্মের আগেও চার সপ্তাহের গর্ভাবস্থায় নেমেছিলেন ট্র্যাকে।শিকাগো ম্যারাথন ছিল তাঁর অষ্টম ম্যারাথন। মিলার দৌড়িয়েছেন একটু ধীরগতিতেই। দৌড় শেষ করেছেন নিজের সেরা সময়ের চেয়ে তিন ঘণ্টা বেশি সময় নিয়ে। আর মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। ‘ম্যারাথন-মম’ মিলার বলেছেন, ‘এটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম দিন। আমরা উচ্ছ্বসিত। কিন্তু ক্লান্ত।’ রয়টার্স, এএফপি।