ম্যারাথনে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতিটা শুরু হয়েছিল সকাল ছয়টা থেকে। ১৩ বছরের কিশোর থেকে ষাটোর্ধ্ব বুড়ো—বিগ বাংলা ম্যারাথনে অংশ নিতে গুলশান লেডিস পার্কে এসে জড়ো হতে লাগলেন। উৎসবের আমেজে কাল সকাল সাতটায় প্রায় আড়াই হাজার প্রতিযোগী নিয়ে শুরু হলো ১০ কিলোমিটারের এই মিনি ম্যারাথন। গুলশান ২ নম্বর লেডিস পার্ক থেকে শুরু হয়ে গুলশান ১ নম্বর, নিকেতন, তেজগাঁও লিংক রোড, বিজয় সরণি, খামারবাড়ী হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয় দৌড়।লেবানন ও কেনিয়ার দুজন পেশাদার ম্যারাথনার ছিলেন এই প্রতিযোগিতায়। অংশ নিয়েছেন ঢাকায় বসবাসকারী অনেক দূতাবাসের কর্মকর্তারাও। ছিলেন বাংলাদেশের জাতীয় অ্যাথলেটরা। এতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর জামরুল ইসলাম। সময় নেন ২৮ মিনিট ১৫ সেকেন্ড। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বিজেএমসির মিরোনা বেগম। সময় নিয়েছেন ৩৬ মিনিট ৫৫ সেকেন্ড। দুজনই পদকের সঙ্গে আর্থিক পুরস্কার পেয়েছেন ১ হাজার মার্কিন ডলার। অ্যাথলেটদের উৎসাহ দিতে বিগ বাংলা রানের শুভেচ্ছাদূত হয়ে এসেছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম।বিগ বাংলা রানের চেয়ারম্যান আবিদুর রহমান এই ইভেন্টকে দেখছেন বাংলাদেশের পর্যটনশিল্প উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে, ‘এটা শুধু একটা খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই না আমরা। বিদেশি পর্যটকদের বাংলাদেশে আনতেও বড় ভূমিকা হিসেবে কাজ করবে এটা।’ আগামী বছর ১৪ ফেব্রুয়ারি এমনই আরেকটি মিনি ম্যারাথন আয়োজন করতে চান তিনি।