ম্যারাথনে বিশ্ব রেকর্ড

আধুনিক ম্যারাথনের ৯০ বছরের ইতিহাসে যা কেউ করতে পারেননি তা-ই করে দেখালেন ডেনিস কিমেত্তো। ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে ম্যারাথন শেষ করেছেন ২ ঘণ্টা ৩ মিনিটের কমে। বার্লিন ম্যারাথনে কাল ২ ঘণ্টা ২ মিনিট ৫৭ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন এই কেনিয়ান ম্যারাথনার। ভেঙে দিয়েছেন স্বদেশি উইলসন কিপস্যাংয়ের আগের বিশ্ব রেকর্ডটি। গত বছর বার্লিন ম্যারাথনে কিপস্যাংয়ের সময় লেগেছিল ২ ঘণ্টা ৩ মিনিট ২৩ সেকেন্ড। তার মানে কিপস্যাংয়ের রেকর্ড থেকে ২৬ সেকেন্ড মুছে ফেলেছেন কিমেত্তো। শুধু কিমেত্তোই নন, তাঁর পেছনে থেকে কাল বার্লিন ম্যারাথনে কিপস্যাংয়ের রেকর্ড ভেঙেছেন আরেক কেনিয়ান ইমানুয়েল মুতাইও (২:০৩:১৩)। ম্যারাথনের অলিম্পিক রেকর্ডটিও কিন্তু আরেক কেনিয়ানের—স্যামুয়েল ওয়ানজিরুর। ২০০৮ বেইজিং অলিম্পিকে ওয়ানজিরুর সময় লেগেছিল ২ ঘণ্টা ৬ মিনিট ৩২ সেকেন্ড। এপি।