ম্যারাথনে মহা-কেলেঙ্কারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ম্যারাথনে পাইলট কার দৌড়বিদদের পথ-নির্দেশিকা হিসেবে কাজ করে । কিন্তু এই পাইলট কারই যখন ভুল-নির্দেশনায় প্রতিযোগীদের বিভ্রান্ত করে, তখন সেই ম্যারাথনে বিপর্যয় না হয়ে যায়ই না। ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি এক ম্যারাথন প্রতিযোগিতা পাইলট কারের ভুলে পরিণত হ​য় বিপর্যয়কর এক তামাসায়।
দৌড়টা শুরু হয়েছিল ভালোভাবেই। চলছিলও বেশ প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে। ১৬ কিলোমিটার দৌড় শেষ হয়ে যাওয়ার পর সেরা তিন প্রতিযোগিই শিকার হন পাইলট কারের এই অমার্জনীয় ভুলের। যেখানে ইউ টার্ন করার কথা সেখানে কোনো প্রতিযোগিতার কোনো কর্মকর্তাকে না দেখে যখন ​প্রতিযোগীরা বিভ্রান্ত ঠিক সেই সময় পাইলট কার তাঁদের ভুল নির্দেশনা দিয়ে ফেলে দেয় ভয়াবহ সমস্যার মধ্যে। আরও চার কিলোমিটার দৌড়ানোর পর যখন তাঁরা ভুল বুঝতে পারে, তখন আর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত বাসে করে তাঁদের ফিরতে হয় প্রতিযোগিতার স্থলে। ম্যারাথনের তখন সর্বনাশ যা হবার তা হয়ে গেছে।
ম্যারাথনে অন্যতম অংশগ্রহণকারী ইন্দ্রজিত প্যাটেল নিজের এই বিপর্যয়ে ক্ষোভ ঝেড়েছেন কর্মকর্তাদের ওপরই, ‘এমন অব্যবস্থাপনার প্রতিযোগিতা। ইউ টার্নের সময় যেখানে কর্মকর্তাদের থাকার কথা সেখানে তাঁরা কেউই ছিলেন না। উল্টো পাইলট কার আমাদের ভুল নির্দেশনা দিয়ে বিভ্রান্ত করল।’
ঠিকমতো দৌড় শেষ করতে না পারার ক্ষোভটিই ইন্দ্রজিতকে পেয়ে বসেছে সবচেয়ে বেশি, ‘পুরস্কার পাইনি, এটা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু এই দৌড়ে অংশ নিয়ে যে ধরনের নাজেহাল হলাম, এর বিচার কে করবে?’