ময়েসই ফার্গির উত্তরসূরি
কোনো অবস্থাতেই দুজনের তুলনা চলে না। অ্যালেক্স ফার্গুসন এত বড় এক মহিরুহ, তাঁর পাশে কিছুতেই তাঁর তুলনা চলে না। তবে একটা বড় মিল, ফার্গির মতো তিনিও স্কটিশ। ঠিক মিল নয়, তবে কোচ ছাঁটাইয়ের হিড়িকের এই কালে এভারটনে টানা ১১ বছর দায়িত্ব সামলেছেন, এটাও বা কম কী! সেই ডেভিড ময়েসের কাঁধেই চাপল বিশাল এক দায়িত্ব। ফার্গুসনের রেখে যাওয়া পাদুকায় পা গলাতে যাচ্ছেন তিনি। এ মুহূর্তে ফুটবল-বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং দায়িত্বটাই নিতে চলেছেন ৫০ বছর বয়সী। কাল ফার্গির উত্তরসূরি হিসেবে ঘোষিত হয়েছে তাঁরই নাম। ময়েসকেও শুরুতেই বেশ লম্বা সময়ের জন্যই কোচ করে আনছে ইউনাইটেড। চুক্তিটা হচ্ছে ছয় বছরের জন্য।ফার্গুসনই তাঁর নাম প্রস্তাব করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর ময়েস জানিয়েছেন, একটা স্বপ্ন পূরণ হলো তাঁর। এই দায়িত্ব সামলাতে তিনি প্রস্তুত, ‘ইউনাইটেডের কোচ হওয়ার আহ্বান পাওয়াটাই বিরাট সম্মানের। স্যার অ্যালেক্স নিজে আমাকে এর যোগ্য মনে করেছেন জেনে আমি উচ্ছ্বসিত। জানি সর্বকালের সেরা কোচের শূন্যস্থান পূরণ করা কতটা কঠিন। তবে ইউনাইটেডের মতো দলের কোচ হিসেবে কাজ করার সুযোগও সব সময় মেলে না। আগামী মৌসুমের জন্য আমি মুখিয়ে আছি।’স্বদেশি ফার্গুসনের সঙ্গে আরেক জায়গায় মিল আছে তাঁর। তিনিও খেলোয়াড় হিসেবে কেউকেটা গোছের কেউ ছিলেন না। সেল্টিকের মতো ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করলেও সেই ক্যারিয়ারের গ্রাফ এর পর শুধুই নিম্নমুখী হয়েছে। বাধ্য হয়ে অখ্যাত-অগুরুত্বপূর্ণ দলগুলোতে ঠাঁই নিয়েছেন। ১৯৯৯ সালে প্রেস্টন নর্থ এন্ডের হয়ে খেলোয়াড়ি জীবন শেষ করে সেই ক্লাবেরই কোচ হিসেবে অভিষেক। খেলোয়াড় হিসেবে সম্ভাবনার সূর্যটাকে শুরুতেই অস্তাচলে ঠেলে দিলেও কোচ হিসেবে দারুণ প্রজ্ঞার পরিচয় দিতে শুরু করেন। প্রেস্টনকে ডিভিশন ফাইনালের প্লে-অফ পর্যন্ত তুলে নিয়ে আসার পরই ২০০২ সালে দায়িত্ব পান এভারটনের। তাঁর কোচিংয়েই প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল ওয়েইন রুনির। ২০০৫ সালে এভারটনকে চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়িং রাউন্ড পর্যন্ত নিয়ে যাওয়া তাঁর সবচেয়ে বড় সাফল্য। অবশ্য ২০০৯ সালে ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের ফাইনালেও দলকে তুলেছিলেন। যদিও শিরোপাটা জেতা হয়নি চেলসির কাছে হেরে যাওয়ায়।এই মৌসুমেও এভারটনকে এফএ কাপের কোয়ার্টার ফাইনালেই শুধু নিয়ে যাননি, বড় কোনো তারকা ছাড়াই লিগের পয়েন্ট টেবিলে ছয় নম্বরেও রেখেছেন দলকে। ফার্গির রেখে যাওয়া শূন্যতা পূরণে আপাতত তিনিই যে সবচেয়ে যোগ্য, অনেকেই তাতে একমত। ইউনাইটেডের সাবেক অধিনায়ক স্টিভ ব্রুস যেমন বলছেন, ‘তারা দুজন একই জাতের।’ এভারটনের হয়ে তাঁর ‘সাফল্য’টাও আসছে আলোচনায়। ব্রুসই যেমন বলেছেন, ‘খুব বেশি টাকাকড়ি না পেয়েও সে এভারটন দলটাকে একতাবদ্ধ করে ঠিকই সেরা দশের মধ্যে রেখেছে।’ইউনাইটেডের সাবেক সহকারী কোচ স্টিভ ম্যাকলারেনও বলছেন, ‘সেও জাত বিজয়ী, তারও কাজ করার ধরন স্যার অ্যালেক্সের মতো। এভারটনে সেও কিন্তু তার মতো করেই একটা যুগ এবং একটা উত্তরাধিকার তৈরি করেছে।’ এএফপি, ওয়েবসাইট।