ময়েসের আশার প্রদীপ
ডেডিড ময়েসের সামনে এখন একটাই পথ খোলা আছে—চ্যাম্পিয়নস লিগ জেতা। ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর ওল্ড ট্রাফোর্ডে প্রথম বড় কোনো শিরোপা এনে দেওয়ার জন্য যেমন, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করার জন্যও!
এফএ কাপে পথচলা শেষ হয়ে গেছে তৃতীয় রাউন্ডেই। লিগ কাপে সেমিফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে বিদায়। প্রিমিয়ার লিগে অবস্থান ৬ নম্বরে। শিরোপার স্বপ্ন তো কবেই উধাও, সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করাটাও এখন সাগর পাড়ি দেওয়ার মতো ব্যাপার। রইল বাকি চ্যাম্পিয়নস লিগ, যেটির দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে আজ এথেন্সে প্রতিপক্ষ অলিম্পিয়াকস।
এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগেই তুলনামূলক ভালো খেলেছে ইউনাইটেড। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে দ্বিতীয় রাউন্ডে। ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগে কোনো গ্রিক দলের কাছে কখনো হারেনি রেড ডেভিলরা। সঙ্গে লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শনিবারের আত্মবিশ্বাসী জয়। তার পরও সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত লিসবনের ফাইনাল পর্যন্ত যাওয়াটা মোটেও সহজ হবে না বলে মানছেন ইউনাইটেড স্ট্রাইকার রবিন ফন পার্সি, ‘সব দলই ধীরে ধীরে উন্নতি করছে। এ কারণে চ্যাম্পিয়নস লিগে জেতাটাও প্রতিবছর একটু একটু করে কঠিন হচ্ছে।’ ইউনাইটেডের কাজটা আরও কঠিন করে দিতে পারে অলিম্পিয়াকস। ১৯৯৯ সালের পর কখনো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি ঠিকই, তবে গত দুই মৌসুমে দুবার নিজের মাঠে হারিয়েছে আরেক ইংলিশ পরাশক্তি আর্সেনালকে।
একেবারে অন্য রকম অভিজ্ঞতা নিয়ে আজ রাতের অন্য ম্যাচটাতে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে মাঠে নামবে বরুসিয়া ডর্টমুন্ড। গতবারের রানার্সআপরা এবার অনেক কাঠখড় পুড়িয়ে জায়গা পেয়েছে শেষ ষোলোতে। তার ওপর বুন্দেসলিগায় সর্বশেষ ম্যাচটাতে অবনমনের শঙ্কায় থাকা হামবুর্গের কাছে ৩-০ গোলের হারের কাঁচা ক্ষত। ২২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকলেও শীর্ষে থাকা বায়ার্নের সঙ্গে পয়েন্টের ব্যবধান ২০! জেনিতের বিপক্ষে জয়ই কেবল পারে এই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে। রাশিয়ায় উড়াল দেওয়ার আগে সমর্থকদের সেই প্রতিশ্রুতিই দিলেন মিডফিল্ডার নুরি শাহিন, ‘আগেও আমরা লিগে ম্যাচ হেরে পরে চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়িয়েছি। এটা একটা আলাদা প্রতিযোগিতা। পিটার্সবার্গে আমরা প্রস্তুত থাকব এবং ভালো ফল নিয়েই ডর্টমুন্ড ফিরে আসব।’ এএফপি।
আজ মুখোমুখি
জেনিত: ডর্টমুন্ড
অলিম্পিয়াকস: ইউনাইটেড
* প্রথমে স্বাগতিক দল