ময়েসের জন্য একটু স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে। একের পর এক হোঁচট খেতে খেতে বেসামাল দল, ১৯৬১ সালের পর প্রথমবারের মতো টানা চার ম্যাচে হারের চোখরাঙানি। সোয়ানসির সঙ্গে জয়টা খুব দরকার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। পরশু সেটা পেয়ে যেন বুক থেকে পাষাণভার নেমে গেছে কোচ ডেভিড ময়েসের। যাক, আপাতত কিছুদিনের জন্য নিশ্চিত থাকতে পারবেন ইউনাইটেডের স্কটিশ কোচ!

আন্তোনিও ভ্যালেন্সিয়া ও ড্যানি ওয়েলবেকের কল্যাণে ইউনাইটেডের জয়টা ২-০ গোলের। হাল সিটির সঙ্গে চেলসির জয়ের ব্যবধানটাও তাই। গোল পেয়েছেন এডেন হ্যাজার্ড ও ফার্নান্দো তোরেস। পরশুর জয় চেলসিকে তুলে দিয়েছিল শীর্ষে। কিন্তু কাল নিউ ক্যাসলের বিপক্ষে ২-০ গোলে জিতে চেলসিকে টপকে শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। তবে আজ আর্সেনাল জিতলে আবার শীর্ষে ফিরবে আর্সেন ওয়েঙ্গারের দল।

ইউনাইটেড ও চেলসির জয়ে আলো ছড়িয়েছেন দুই তরুণ। হ্যাজার্ড অবশ্য চেলসিতে খেলছেন দুই বছর ধরে। কিন্তু ইউনাইটেডের আদনান ইয়ানুজাই একেবারে আনকোরা, মূল দলে অভিষেক এ বছরই! খেলা দেখে অবশ্য বোঝার উপায় নেই বয়সটা মাত্র ১৮ এই মিডফিল্ডারের! নিজে গোল না পেলেও দলের দুটি গোলেই রেখেছেন অবদান। রুনি-ফন পার্সিদের অভাবও খুব একটা বুঝতে দেননি। বেশি প্রশংসায় বিগড়ে যাবে বলেই হয়তো ময়েস খুব বেশি কিছু বলেননি, ‘জন্মগত প্রতিভার বিচারে সে (ইয়ানুজাই) সেরাদের কাতারে যেতে পারে। আমার মনে হয় সে এটা প্রমাণ করতে পারবে।’

হ্যাজার্ডের ঘটনা একটু অন্য রকম। ২৩ বছর বয়সী বেলজিয়ান উইঙ্গারের গায়ে দুই মৌসুম আগেও শুধু ‘প্রতিশ্রুতিশীল’ তকমাটা লেগে ছিল। এই মৌসুমে মরিনহোর অন্যতম মূল ভরসাই হয়ে উঠেছেন।  ক্রমেই প্রিয়পাত্র হয়ে উঠছেন চেলসি কোচের, ‘অনুশীলনে পুরো দলে সে সবচেয়ে খারাপ ছিল। এখন সে সেরা না হোক, পুরোদস্তুর পেশাদার হয়েছে অনুশীলনে।’

কাল সিটির হয়ে গোল দুটো করেছেন এডিন জেকো ও আলভারো নেগ্রেদো। জয় পেয়েছে লিভারপুলও। লুইস সুয়ারেজের জোড়া গোলে ৫-৩ ব্যবধানে হারিয়েছে স্টোক সিটিকে। গোল পেয়েছেন অধিনায়ক স্টিভেন জেরার্ডও, তবে পেনাল্টি থেকে। এএফপি।