ময়েসের হাসি, দুয়ো ওয়েঙ্গারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপথ্য নায়ক বদলে গেছেন, কিন্তু দল আছে আগের মতোই ক্ষুরধার। পরশু সোয়ানসিকে ৪-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ময়েস-যুগের শুরুটা দুর্দান্তই হলো। আর্সেনাল শুরুর দিনেই খেয়েছে হোঁচট, নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে হেরে আর্সেন ওয়েঙ্গার দুয়ো শুনেছেন সমর্থকদের।অ্যালেক্স ফার্গুসন যা অর্জন করেছেন, সেটা পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখাই ডেভিড ময়েসের জন্য স্পর্ধা। কিন্তু একটা জায়গায় তো পূর্বসূরির চেয়ে ভালো হলো ময়েসের। ১৯৮৬ সালে দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে ফার্গির ইউনাইটেড প্রথম ম্যাচে অক্সফোর্ড ইউনাইটেডের কাছে হেরেছিল ২-০ গোলে। ময়েসের শুরু হলো ঠিক উল্টোভাবে!এ ম্যাচ জিতে ময়েস দুজনকে ধন্যবাদ জানাতে পারেন আলাদা করে—ড্যানি ওয়েলবেক ও রবিন ফন পার্সি। তাঁদের জোড়া গোলেই যে এসেছে জয়টা। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা পার্সি নতুন কোচকে পেয়ে কি দুর্বার হয়ে উঠবেন আরও? সেটি বলবে সময়। এই ডাচ স্ট্রাইকারকে পেয়ে ময়েস কিন্তু আনন্দিত, ‘সে (ফন পার্সি) আরও পরিশ্রম করছে নিজেকে কীভাবে আরও ভালো করা যায়। যদিও আপনি ভাবতেই পারেন এর চেয়ে ভালো সে খেলবে কীভাবে!’এই দুজনের বাইরে আরও একজনের প্রশংসাও ঝরেছে ময়েসের কণ্ঠে। তিনি ওয়েইন রুনি। স্কোরলাইন পুরো সত্যটা বলে না বটে, কিন্তু রুনি দেখিয়েছেন কেন তাঁকে ছাড়তে চায় না ইউনাইটেড। বদলি হিসেবে নেমে অবদান রেখেছেন শেষ দুই গোলে। মাঠে নামার সময় সমর্থকেরা উঠে দাঁড়িয়ে করতালিতে জানিয়ে দিয়েছে, তারাও রুনিকে লাল জার্সিতেই দেখতে চায়। রুনি পরে জানিয়েছেন, প্রথম একাদশে জায়গা ফিরে পাওয়াই তাঁর লক্ষ্য। কিন্তু ফন পার্সি-ওয়েলবেক দুর্দান্ত খেলে ময়েসকে যে ফেলে দিলেন মধুর বিড়ম্বনায়!এমন শুরুর পর ময়েস আপাতত নির্ভার। তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে চাপ ঘিরে ধরল শুরু থেকেই। দলবদলের মৌসুম শেষ হতে চলল, এখনো বাজার-সদাই বলতে সবেধন নীলমণি ইয়াইয়া সানোগো। তার ওপর এই মৌসুমেই ক্লাব ছেড়েছেন ১৭ জন! এখানেই শেষ নয়। পরশু লাল কার্ড দেখেছেন ডিফেন্ডার কসিয়েলনি। চোট পেয়েছেন গিবস, চেম্বারলেইন। প্রথম একাদশ সাজাতেই তো হিমশিম খেতে হবে ওয়েঙ্গারকে। পরশুই আর্সেনালকে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ খেলতে হবে ফেনেরবাচের সঙ্গে।গঞ্জালো হিগুয়েইন ফসকে গেছেন, হাতছাড়া হওয়ার পথে লুইস সুয়ারেজও। এখনো বড় কোনো খেলোয়াড়কে কিনতে না পারাই কি পরশুর পরাজয়ের জন্য দায়ী? ওয়েঙ্গার আত্মপক্ষ সমর্থনে বলেছেন, ‘আমরা কি মাঠে যারা ছিল তাদের নিয়েই জিততে পারতাম? আমি বলব, হ্যাঁ। আমরা বাজারে আছি, সবাই জানে আমরা খেলোয়াড় কিনতে চাই। কিন্তু তার আগপর্যন্ত আমাদের ম্যাচ তো জিততে হবে। এটাকে অজুহাত হিসেবে দাঁড় করালে চলবে না।’ এএফপি।