ম-তে মাচেরানোও!

কপালে? উঁহু, ঠিক কপালে নয়, মাথাতেই বলা ভালো৷ ম্যাচ শেষে হাভিয়ের মাচেরানোকে জড়িয়ে ধরে তাঁর আধন্যাড়া মাথায় পরম মমতায় ভালোবাসার চুমু এঁকে দিলেন লিওনেল মেসি৷ মেসির এমন চুমু শুধু আন্তোনেলা রোকুজ্জো আর থিয়াগোর জন্যই বরাদ্দ ছিল এত দিন৷ কিন্তু পরশু মাচেরানো যা করলেন, তাতে মেসির সবচেয়ে আপনজনের একজন হয়ে গেছেন এই বার্সা-সতীর্থ, রক্তের ভাই!
আর্জেন্টিনার জয়ের নায়ক অবশ্যই গোলরক্ষক সার্জিও রোমেরো৷ তবে মাচেরানো না থাকলে, রোমেরোর নায়ক হওয়ার মঞ্চটাই হয়তো তৈরি হতো না৷ খেলা শেষ হতো ৯০ বা ১২০ মিনিটে৷ কখনো কখনো যে মনে হচ্ছে আর্জেন্টিনা মাঠে ১২ জন নিয়ে খেলছে, সেটা মাচেরানোর অদৃশ্য এক ক্লোন খেলছে বলেই৷ এই মাঝমাঠে বল বিতরণ করছেন, এই আবার রক্ষণে৷ পরশুও প্রাণবাজি রেখে খেললেন৷ নির্ধারিত সময়ের শেষ প্রান্তে খ্যাপা ষাঁড়ের মতো ঢুকে যাওয়া অপ্রতিরোধ রোবেনকে আটকাল কে দুর্দান্ত স্লাইডিং ট্যাকেলে! যে ট্যাকেলের টাইমিংয়ের একটু গড়বড় এনে দিতে পারত পেনাল্টি৷ কিংবা পেনাল্টি আদায় করে নেওয়ার রোবেনের নাটুকেপনার সুযোগ৷ রোবেনের শট তো জালেও যেতে পারত!

মাচেরানো ছিলেন বলেই মেসি আজ স্বর্গের দুয়ারে কড়া নাড়ছেন৷ নৈবেদ্যের কাঁসর-ঘণ্টা বাজছে৷ এখন শুধু সেই দরজা ঠেলে স্বর্গে প্রবেশের অপেক্ষা৷ শুধু সেই একটা মুহূর্তই চোখে লেগে আছে বলে নয়৷ হেড করতে গিয়ে জর্জিনিয়ো ভাইনালডমের সঙ্গে মাথায় ঠোক্কর খেয়ে যেভাবে পড়ে গেলেন মনে হচ্ছিল, চেতনাশূন্য হয়ে পড়বেন৷ মাঠে দীর্ঘ সময় শুশ্রূষা নিতে হয়েছে৷ একসময় মাঠ থেকে বেরিয়ে এসেছেন৷ মেসির চোট হলে যতটা চিন্তার ভাঁজ পড়ত, মাচেরানোর চোটে আলেসান্দ্রো সাবেলা সমান উদ্বিগ্ন৷ কিংবা হয়তো একটু বেশিই!
কিন্তু আশার সোনালি রোদ্দুরে সেই উদ্বেগের কালো মেঘ তাড়িয়ে আমার মাঠে নামলেন৷ মাচেরানো যেন তখন যোদ্ধা৷ গ্ল্যাডিয়েটর৷ সামুরাই৷ এল অ্যাপাচি!
অতিরিক্ত সময়ের মাঝবিরতিতে কাঁধে হাত রেখে গোল হয়ে দাঁড়ানো আর্জেন্টাইন জটলায় মাচেরানোর আঙুল তুলে তুলে দেওয়া ঝাঁজাল বক্তব্যটা খেয়াল আছে? মাচেরানো যেন বলছেন, এসো লড়াই করি৷ আমার মাথায় আঘাত, জাবালেতার মাড়ি ফেটে রক্ত ঝরছে, বিলিয়ার এক হাত খোঁড়া—এসব কিছুই না৷ এসো, এবার এসো জীবনটা দিয়ে দিই!
এই আর্জেন্টিনা দলের অধিনায়ক তিনিই ছিলেন৷ গত বিশ্বকাপের পর বাহুবন্ধনী তুলে দিয়েছেন মেসির হাতে৷ আর দশটা তারকাবহুল দল হলে অহংয়ের লড়াই হয়তো শুরু হতো৷ কিন্তু মাচেরানো? মাটির মানুষ উপমাও বোঝাতে পারবে না তাঁর সত্তাকে৷ হাভিয়ের নামের অর্থ উজ্জ্বল৷ কিন্তু খ্যাতির ঝলমলে রোদ্দুরে তিনি অনভ্যস্ত৷ কিন্তু দলের জন্য সত্যিই জীবন উৎসর্গে প্রস্তুত৷
পরশু ম্যাচ শেষেও বলে গেলেন, ‘আজ যদি দলটা ফাইনালে উঠে থাকে, জানবে যোগ্যতা দিয়েই উঠেছে৷ দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি৷ কিছুতেই আমরা ভয় পাইনি৷ আমরা এই ভেবে খেলেছি, এই ম্যাচ জিতলেই রোববার সেই ম্যাচটি পাব, যে ম্যাচ আমাদের জীবনের সমান৷’
বিরল প্রতিভাধর নন৷ কিন্তু জানেন, শ্রমের ঘাম পুষিয়ে দিতে পারে প্রতিভার ঘাটতি৷ এও জানেন, শ্রমটা এক-দুজন দিলে হয় না৷ লড়তে হবে কাঁধ মিলিয়েই৷ ২৪ বছর পর সোনালি সুদিনের প্রান্তে আর্জেন্টিনা৷ এত কাছ থেকে ফেরা...অলক্ষুনে কথা মুখেও আনতে দেবেন না৷
আর্জেন্টিনার নেপথ্য নেতা তো তিনিই৷ সাধে কি আর তাঁর ডাকনাম এল জেফেসিতো—খুদে নেতা! ম-তে কিন্তু শুধু মেসিই নয়, মাচেরানোও!